বৃষ্টিতে ইটভাটা মালিকদের ক্ষতি ২৬ কোটি টাকা
নওগাঁর বিভিন্ন স্থানে গত শুক্রবার দিবাগত রাত ও গতকাল রোববারের বৃষ্টিতে স্থানীয় ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে বিপুলসংখ্যক কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে গেছে। এতে ইটভাটার মালিকদের প্রায় ২৬ কোটি টাকার মতো লোকসান গুনতে হবে বলে ভাটামালিকদের সূত্রে জানা গেছে।
জেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, নওগাঁ জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। গত শুক্রবার রাত ও গতকালের বৃষ্টিপাতে ১২৫টি ইটভাটায় পোড়ানোর অপেক্ষায় তৈরি প্রায় নয় কোটি টাকার কাঁচা ইট গলে যায়। এসব ইটের বাজারমূল্য ২৬ কোটি টাকার বেশি।
বদলগাছী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১৪ দশমিক ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল বিকেলে সদর উপজেলার বোয়ালিয়া, বরুনকান্দি, শিবপুর ও কীর্তিপুর এলাকার অন্তত ১০টি ইটভাটায় গিয়ে সারি করে রাখা কাঁচা ইট বৃষ্টিতে ভাঙা অবস্থায় দেখা গেছে।
নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের বরুনকান্দি এলাকার মেসার্স এবিসি ব্রিকস ইটভাটার মালিক আজাদ হোসেন বলেন, তাঁর ভাটায় পোড়ানোর অপেক্ষায় তৈরি করে রাখা ১০ লাখ কাঁচা ইট খোলা জায়গায় রাখা হয়েছিল। গত শুক্রবার রাতের বৃষ্টিতে প্রায় দুই লাখ কাঁচা ইট ভেঙে কাদায় পরিণত হয়। আর গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কখনো থেমে থেমে, কখনো হালকা, কখনো প্রবল বৃষ্টিপাত হয়। দুই দিনের বৃষ্টিপাতে তাঁর ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ঢাকা রোডের পাশে অবস্থিত মেসার্স জিএফবি ব্রিকস ইটাভাটার মালিক জাফর আহমেদ বলেন, বৃষ্টিতে তাঁর ভাটার প্রায় পাঁচ লাখ কাঁচা ইট গলে গেছে। এতে মাটি কেনা, পরিবহন, শ্রমিক খরচসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, জেলায় বর্তমানে ১২৫টি ইটভাটা সচল রয়েছে। বছরে প্রতিটি ইটভাটায় ৬০ থেকে ৭০ লাখ ইট তৈরি হয়। গত শুক্রবার রাত ও গতকালের বৃষ্টিতে প্রতিটি ভাটায় কমপক্ষে পাঁচ লাখ করে কাঁচা ইট নষ্ট হয়েছে। প্রতিটি কাঁচা ইটের উৎপাদন খরচ তিন টাকা হলেও ইটভাটার মালিকদের প্রায় ২৬ কোটি টাকা লোকসান গুনতে হবে বলে তিনি জানান।