বৃষ্টিতে উঠে গেছে কার্পেটিং, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ সড়কের কার্পেটিং উঠে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ সড়কের কার্পেটিং উঠে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহ শহরের বেশির ভাগ সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন লোকজন। গত কয়েক বছরের তুলনায় এ বছর বর্ষা মৌসুমে বেশি বৃষ্টিপাত হওয়ায় সড়কগুলোর এ অবস্থা হয়েছে বলে মনে করেন শহরের বাসিন্দা ও পৌর কর্তৃপক্ষ।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, শহরের আকুয়া এলাকার জুবলি কোয়ার্টার রোড, মোড়লপাড়া সড়ক, হাবুন ব্যাপারী মোড় এলাকার কয়েকটি ছোট সড়কের কার্পেটিং উঠে গেছে। সড়কের মাঝখানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। গুলকিবাড়ি সড়কের সানকিপাড়া মোড়, পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড়, বাউন্ডারি রোড, কলেজ রোড, কালি শংকর গুহ রোড, সেহড়া ডিবি রোডের কিছু অংশ, গোলাপজান রোড, ইটাখলা রোড, কাশর করনেশন রোডসহ আরও বেশ কয়েকটি সড়কের স্থানে স্থানে কার্পেটিং উঠে গেছে। ওই সব সড়কের অনেক স্থানে ইটের খোয়া বের হয়ে আছে। সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত।

শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে থাকায় ও গর্তের সৃষ্টি হওয়ায় রিকশা এবং অন্যান্য যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। এ বছর বর্ষা মৌসুমে ময়মনসিংহ শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে শহরের অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোনো কোনো সড়ক টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত পানির নিচে ডুবে ছিল। তখন থেকেই সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই সংস্কারকাজ না হওয়ায় এখন বেশির ভাগ সড়কেই সৃষ্টি হচ্ছে ছোট ছোট গর্তের।

কলেজ রোড এলাকায় লোকমান হোসেন নামের একজন রিকশাচালক বলেন, ইটের খোয়া বের হয়ে থাকায় রিকশার চাকার ক্ষতি হয়। এ কারণে ওই সব সড়ক দিয়ে রিকশা চালাতে চান না অনেক চালক।

পৌরসভার মেয়র মো. ইকরামুল হক বলেন, স্মরণকালের মধ্যে এ বছর ময়মনসিংহে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। এ কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কগুলোর যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে পৌরসভার নিজস্ব অর্থায়নে সংস্কার করা সম্ভব নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংস্কারকাজের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হলে সংস্কার করা সম্ভব হবে।