বৃষ্টিতে কাঁচা মরিচের সর্বনাশ, বেশি দামেও চাষির হাসি নেই
দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়া উপজেলায় পাইকারি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এমন দামে উপজেলার মরিচচাষিদের খুশি হওয়ার কথা হলেও তাঁদের মুখে হাসি নেই। কয়েক দিন আগের টানা বৃষ্টিতে বেশির ভাগ মরিচগাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলনে বিপর্যয় দেখা দিয়েছে। তাই বেশি দাম হলেও ব্যাপক লোকসান দিতে হচ্ছে চাষিদের।
চাষিদের অনেকে জানান, কয়েক দিন আগে টানা বৃষ্টি হওয়ায় বেশির ভাগ মরিচের খেতে পানি জমে যায়। এতে অনেক খেতের মরিচগাছ মরে যায়। কিছু খেতের গাছ বেঁচে গেলেও সেগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে এ উপজেলায় কাঁচা মরিচের ফলনে বিপর্যয় দেখা দিয়েছে।
সাঁথিয়ার ছেচানিয়া গ্রামের ফসলের মাঠে গিয়ে দেখা গেছে, যেসব জমিতে এখনো পানি জমে রয়েছে সেগুলোর সব গাছই মরে গেছে। কিছু জমির মরিচগাছ বেঁচে থাকলেও সেগুলোতে মরিচ নেই বললেই চলে। গ্রামের মরিচচাষি রবিউল ইসলাম তাঁর মরিচের খেত দেখিয়ে বলেন, ‘এক বিঘ্যা জমিতে মরিচের আবাদ করছিল্যাম। বৃষ্টিতে আমার সব গাছ মইর্যা গ্যাছে। গত বছর এই জমির মরিচ ৩৫ হাজার টাকায় বেচছি। আর এবার দুই হাজার মরিচও বেচব্যার পারি নাই।’ একই গ্রামের আব্দুর রশীদ বলেন, ‘এক বিঘ্যা জমিতে মরিচ আবাদে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। অথচ আমার এক বিঘ্যা জমির থ্যা হাজার খানেক টাকা পাইছি। জমিতে গাছ থাকলিউ তাতে মরিচ নাই।’
দেশের অন্যতম পাইকারি সবজির হাট সাঁথিয়ার করমজা ও কাশীনাথপুর হাট ঘুরে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে। করমজা হাটের মৌসুমি কাঁচা মালের আড়তের মালিক রাকিবুল ইসলাম বলেন, ‘মাস খানেক আগেও এ হাট থেকে প্রতি হাটবারে ১০ থেকে ১২ ট্রাক কাঁচা মরিচ ঢাকা ও চট্টগ্রামে যেত। এখন মরিচের আমদানি (সরবরাহ) এত কমে গেছে যে এক ট্রাক কাঁচা মরিচ পাঠাতেই ঘামতে হয়। মাস খানেক আগে চাষিরা ১৫ থেকে ২০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করে হাসিমুখে বাড়ি ফিরেছেন। অথচ এখন ৬০ টাকা দরে বিক্রি করেও তাঁদের লোকসান হচ্ছে।’
হাটে মরিচ বিক্রি করতে আসা সাঁথিয়ার শহীদনগর গ্রামের আবদুল হাকিম বলেন, ‘গত বছর এ সময় প্রতি হাটে ২০ কেজিরও বেশি মরিচ আনত্যাম। এখন এক কেজি মরিচই আনব্যার পারি না। বিষ্টিতে মরিচগাছের সব্বনাশ হয়া গ্যাছে।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘এবার উপজেলায় দুই হাজার ৩৮০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। বৃষ্টিতে ৫০০ হেক্টর মরিচের খেত নিমজ্জিত হয়েছিল। এর মধ্যে ১০০ হেক্টর জমির মরিচগাছ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাকি গাছ ক্ষতিগ্রস্ত হলেও সেরে উঠবে বলে আশা করছি। ইতিমধ্যেই অনেক মরিচগাছে ফুল আসতে শুরু করেছে।’