বৃষ্টিতে কাদা, রোদে ধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সাতক্ষীরা-মুন্সিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বেহাল। শ্যামনগরের শ্রীফলকাটি থেকে গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরা-মুন্সিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বেহাল। শ্যামনগরের শ্রীফলকাটি থেকে গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের নানা অংশের পিচ উঠে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে। সড়কের ওপর থিকথিক করে কাদা। আবার রোদ উঠলে উল্টো চিত্র। ধুলা ওড়ে। বিশেষ করে, সাতক্ষীরা শহরের সিটি কলেজ এলাকা থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ পর্যন্ত সড়কে যান চলাচল দুরূহ হয়ে পড়ে। বাড়ে জনদুর্ভোগ।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার ও সাতক্ষীরা থেকে কলারোয়ায় কাজীরহাট ৩০ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে পিচ উঠে গেছে। সার্কিট হাউসের সামনে থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে বহু ছোট-বড় গর্তের। এ সড়কের আলীপুর চেকপোস্ট (তল্লাশিচৌকি) থেকে দক্ষিণে নলতা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের একই অবস্থা। নলতা থেকে শ্যামনগরের বংশীপুর ২৭ কিলোমিটার সড়কের কোথাও ভালো কোথাও খারাপ অবস্থা। বংশীপুর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের অবস্থাও নাজুক।
সাতক্ষীরায় প্রাইভেট কারের চালক আবদুল করিম বলেন, সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ গেলে গাড়ির যন্ত্রাংশ খুলে পড়ে যায়। ধাক্কায় ধাক্কায় যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
সাতক্ষীরা শহরের ব্যাটারিচালিত ইজিবাইকচালক আবদুর রহমান ও মাহেন্দ্রচালক অজিয়ার রহমান বলেন, শহরে গাড়ি চালানো মুশকিল। প্রায়ই উল্টে যাত্রী আহত হয়। আর গাড়িরও ক্ষতি হয়।
সাতক্ষীরায় সুন্দরবনের পর্যটক গাইড সালাউদ্দিন বলেন, গত কয়েক বছর প্রতিদিনই সুন্দরবনে বেড়ানোর পাশাপাশি শ্যামনগর জমিদারবাড়ি, রাজা প্রজাপাদিত্যের জাহাজঘাটা, ঈশ্বরীপুর মন্দিরসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পর্যটক আসতেন। কিন্তু সড়ক বেহাল হয়ে পড়ায় বর্তমানে পর্যটক আসছেন না।
একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাফরউল্লাহ ইব্রাহিম বলেন, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে চলাচল করতে হয়। শুধু তা-ই নয়, ধুলার কারণে ব্যাগে করে জামা-প্যান্ট নিয়ে আসতে হয় সাতক্ষীরা শহরে। গন্তব্যে পৌঁছে পোশাক পাল্টে কাজ করতে হয়।
অ্যাম্বুলেন্সচালক জাহাঙ্গীর হোসেন বলেন, শ্যামনগর, কালীগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের শহরের হাসপাতাল ও ক্লিনিকে আনার সময় তারা আরও অসুস্থ হয়ে পড়ে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম বলেন, কয়েক বছর ধরে বড় ধরনের সংস্কার হয়নি। ইতিমধ্যে বৃষ্টির কারণে জেলার অধিকাংশ সড়ক নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি খারাপ শহরের সার্কিট হাউস থেকে বাঁকাল পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার। এ অংশ সংস্কারে ১৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। দরপত্রও সম্পন্ন হয়েছে। বর্ষা শেষে কাজ শুরু হবে।
এ ছাড়া সাতক্ষীরা থেকে কলারোয়া ২৫ কিলোমিটার সড়কের জন্য মন্ত্রণালয়ে ২৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। নলতা থেকে বংশীপুর পর্যন্ত সড়ক সংস্কারে বরাদ্দ চাওয়া হবে। বিভাগীয়ভাবে আপাতত কিছু স্থান মেরামত করা হয়েছে।