বৃষ্টিতে কাদা রোদে ধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইলাইপুর-গৌরম্ভা সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। ছবিটি গত বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার হেলা বটতলা এলাকা থেকে তোলা l সাদ্দাম হোসেন
ইলাইপুর-গৌরম্ভা সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। ছবিটি গত বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার হেলা বটতলা এলাকা থেকে তোলা l সাদ্দাম হোসেন
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর থেকে বটিয়াঘাটার শেষ সীমানা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের পাঁচ কিলোমিটার অংশে পিচ ও খোয়া উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। আর বটিয়াঘাটার জয়পুর বাজার থেকে হরিদাসের বটতলা পর্যন্ত দুই কিলোমিটার পিচ খুঁড়ে রাখা হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এলাকার কয়েকজন বলেন, সড়কটি ইলাইপুর-গৌরম্ভা সড়ক নামে পরিচিত। এটি দিয়ে খুলনার রূপসা, বটিয়াঘাটা এবং বাগেরহাটের রামপাল ও ফকিরহাট উপজেলার মানুষ যাতায়াত করে। প্রতিদিন এ পথে বাস, মাহেন্দ্র, লেগুনা, ইজিবাইকসহ বিপুলসংখ্যক যানবাহন চলে।
ওই পথে নিয়মিত যাতায়াত করেন রামপালের সুন্দরবন ডিগ্রি মহিলা কলেজের প্রভাষক শেখর চন্দ্র পাল। তিনি বলেন, ‘এ রাস্তায় গাড়িতে উঠলে মনে হয় এই বুঝি উল্টে গেল। একটু বৃষ্টি হলে কাদা ও নোংরা পানি ছিটকে এসে কাপড় নষ্ট হয়ে যায়। রোদের সময় ধুলায় একাকার।’
খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, রূপসার ইলাইপুর থেকে বটিয়াঘাটার শেষ সীমানা ভান্ডার কোট-গৌরম্ভা সেতু পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দুই অর্থবছরে এর রূপসা অংশের চার কিলোমিটার সংস্কার করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে পাঁচটি ‘প্যাকেজে’ বটিয়াঘাটা অংশের ১২ কিলোমিটার সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। কিন্তু সব প্যাকেজের কাজ শেষ করা যায়নি। ২০১৫-১৬ অর্থবছরে জয়পুর বাজারের পর থেকে সাদাল বাজার পর্যন্ত ১ দশমিক ৮ কিলোমিটার সংস্কারকাজ শুরু হলেও তা এখনো শেষ করা হয়নি।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী রকিব-উল-আলম বলেন, কাজ ফেলে রাখা অংশটি ২০১৫-১৬ অর্থবছরে প্রকল্পভুক্ত ছিল। বৃষ্টির কারণে কাজ শেষ করা যায়নি। ১৩ অক্টোবর কাজটি আবার শুরু করার অনুমোদন মিলেছে। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বটিয়াঘাটার খাড়াবাদ-বাইনতলা বাজার থেকে কুলটিয়া নব উকিলের বাড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে ছোট-বড় অনেক গর্ত। সড়ক দিয়ে হেলেদুলে চলছে গাড়ি। গাড়ি যাওয়ার পর ধুলায় চোখ মেলাই দায়। সড়কের সাদালবাজার ছাড়া জয়পুর বাজারের পর থেকে হরিদাসের বটতলা পর্যন্ত পিচ খুঁড়ে রাখা হয়েছে। সড়কের ওপরেই বিভিন্ন জায়গায় খোয়ার স্তূপ। এতে রাস্তা সরু হয়ে গেছে।
বটিয়াঘাটার ঝিনাইগাতী গ্রামের রহিম শেখ বলেন, জয়পুর বাজার থেকে সাদালবাজার পর্যন্ত রাস্তা খুঁড়ে রাখা হয়েছে পাঁচ-ছয় মাস ধরে। এখন আর এ অংশ দিয়ে রিকশা-ভ্যানেও চলা যায় না। হেঁটে যাওয়াও কষ্টকর। আর বৃষ্টি হলে দুর্ভোগ চরমে পৌঁছায়।
কুলটিয়া গ্রামের মোস্তফা শেখ বলেন, এই অংশে দুটি গাড়ি একসঙ্গে পারাপার হতে পারে না। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
হিউম্যান হলারের চালক তারিক গাজী বলেন, ঝুঁকি নিয়ে এই পথে গাড়ি চালাতে হচ্ছে। প্রায়ই চাকা গর্তে দেবে যায়। সড়কটি সংস্কার না হলে কিছুদিন পর আর এ পথে গাড়ি চালানো সম্ভব হবে না।
এলজিইডির খুলনা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন, রাস্তাটিতে নিয়মিত ছোটখাটো সংস্কারকাজ করা হয়। এ বছরও বটিয়াঘাটা অংশের তিন কিলোমিটারের সংস্কারকাজ করা হবে। আগামী নভেম্বরেই দরপত্র আহ্বান করা হবে।