বৃষ্টিতে কাদা, রোদে ধুলা, দুর্ভোগে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের কোথাও পিচের চিহ্ন নেই। ইট ও খোয়া উঠে স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ছোট-বড় এসব গর্তে বৃষ্টি হলেই জমে পানি। রোদ উঠলে সড়কে ধুলা ওড়ে। ফলে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ।

প্রায় তিন বছর ধরে এ অবস্থা দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়কটির। উপজেলা পরিষদ মোড় থেকে মুজিবনগর পর্যন্ত সড়কের এ অংশের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এটি ৩৭ কিলোমিটার দীর্ঘ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের অংশ।

এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার মেয়র আবদুছ ছালাম বলেন, ‘পৌর শহরের প্রধান সড়ক হলেও এটি সওজের অধীনে। তাই এটি সংস্কারে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে শুনেছি এ সড়কটি সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছে।’

এলাকার কয়েকজন বাসিন্দা, পৌরসভা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, পৌর শহরের বিরিশিরি সেতুর উত্তর পাশ মুজিবনগর থেকে উপজেলা পরিষদ মোড় পর্যন্ত শহরের প্রধান সড়ক। এটিতে ৫০-৫৫টি গর্ত আছে। এর মধ্যে থানার মোড়, কাচারির মোড়, এমপির মোড় ও নাজিরপুর মোড় পর্যন্তই ১৬টি গর্ত। এগুলোর কোনো কোনো গর্ত দৈর্ঘ্যে ৮-১৫ ফুট। এর মধ্যে কয়েকটির গভীরতা ২-৪ ফুট।

সড়কটি দিয়ে পাশের কলমাকান্দা, নেত্রকোনা সদর, পূর্বধলা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে এলাকাবাসী। এ কারণে প্রতিদিন এ সড়কে ট্রাক, ইঞ্জিনচালিত ট্রলি, মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটিসহ সহস্রাধিক যানবাহন চলাচল করে। সড়কটির এক পাশে দুর্গাপুর চৌকি আদালত, থানা, সাবরেজিস্ট্রি কার্যালয়, প্রাণিসম্পদ কার্যালয়, ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

শহরের সাধুপাড়া এলাকার স্বপন সর্দার বলেন, প্রায় তিন বছর ধরে সড়কটির এ দুরবস্থা হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই। সড়কে খানাখন্দ থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আগে সড়কটি ভালো ছিল। ভেজা বালুবোঝাই ট্রাক চলাচলের কারণে এ দশা হয়েছে।

উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা কমিটির সাবেক উপদেষ্টা সাহাদাত হোসেন বলেন, শহরের প্রধান এ সড়কে হেঁটে চলাচল করাও এখন কষ্টকর। কাদা ছিটকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের পোশাক প্রায়ই নষ্ট হয়। রোদ হলে ধুলায় একাকার। এ সড়ক দিয়ে চলাচল করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, প্রায় এক কিলোমিটার সড়কটিতে ৫০টির বেশি ছোট-বড় গর্ত। এর মধ্যে ১৬টি বড় গর্ত রয়েছে। বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমে আছে।

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার, সপ্তম শ্রেণির সুস্মিতা চক্রবর্তী, বিদ্যানিকেতনের দশম শ্রেণির খায়রুল ইসলাম, মহারাজ কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মো. কামরুজ্জামান, সুসং কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ মিয়া ও সোহাগ হাসানসহ কয়েকজন শিক্ষার্থী বলে, এ সড়ক দিয়েই তাদের স্কুল-কলেজে আসা-যাওয়া করতে হয়। বিকল্প সড়ক না থাকায় বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই কাদাপানি মাড়িয়ে তাদের চলাচল করতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

বাকলজোড়া বাজারের ব্যবসায়ী মো. আলামীন বলেন, আগে দুর্গাপুর সদর বাজার থেকে ২৫০ টাকা ভাড়ায় ঠেলাগাড়িতে করে মালামাল বাকলজোড়া বাজারে আনা যেত। কিন্তু সড়কটির অবস্থা দিনে দিনে খারাপ হওয়ায় এখন ভাড়া দিতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা।

বিভিন্ন যানবাহনের সাতজন চালক বলেন, সড়ক দিয়ে তাঁরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সময় বেশি লাগায় ভাড়াও একটু বেশি নিতে হচ্ছে।

জানতে চাইলে সওজ বিভাগের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত সাড়ে ৩৭ কিলোমিটার সড়ক সংস্কারে ৩১৬ কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। গত মাসে দরপত্রও আহ্বান করা হয়েছে। আশা করা যাচ্ছে, এটি দ্রুত সংস্কার করা সম্ভব হবে। আগামী সপ্তাহের মধ্যে সড়কটির গর্তে খোয়া ও বালু ফেলে তা সাময়িকভাবে চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে।’