বৃষ্টি হলে কাদা আর রোদে ওড়ে ধুলা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে। প্রতিদিন শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ বিভিন্ন গন্তব্যে যায়। গাজীপুরের শিল্পাঞ্চল সমৃদ্ধ শ্রীপুর উপজেলার ব্যস্ত শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের চিত্র এটি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে শ্রীপুর থেকে বরমী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রায় সবটুকুর পিচ উঠে মাটি বের হয়ে যায়। পরে সংস্কারের উদ্যোগ নিলে ছয় মাসে শ্রীপুর চৌরাস্তা থেকে ঘুন্টিঘর রেললাইন পর্যন্ত ১ দশমিক ৪০ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি অংশে শুধু ইটের সুরকি বিছিয়ে রাখা হয়। বাস-ট্রাকসহ ভারী যানবাহন এই রাস্তায় চলাচল করে। এতে পুরো সড়কের সুরকি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে লাল ধূলিতে পরিণত হয়েছে। দুই দিন বৃষ্টি না হলে প্রায় সারা দিন এই সড়ক ধুলায় আচ্ছন্ন থাকে। আবার একটু বৃষ্টি হলেই কাদায় মাখামাখি অবস্থা। এ কারণে স্থানীয় লোকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নানা স্বাস্থ্য সমস্যায় ভুগতে হচ্ছে।
শ্রীপুরের গাড়ারন, বড়পানি, শিমুলতলী, তাঁতীসুতা, বরামা, বরমী, কায়েতপাড়াসহ প্রায় ৪০টি গ্রামের মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে যাতায়াতে এই সড়ক ব্যবহার করে। তা ছাড়া, সময় বাঁচাতে পাশের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার লোকজনও ঢাকায় যেতে রাস্তাটি ব্যবহার করে।
কায়েতপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হাই প্রথম আলোকে বলেন, ধুলোবালি আর খানাখন্দে ভরা শ্রীপুর-বরমী সড়ক দিয়ে চলাচল করা শিশু থেকে শুরু করে বয়স্করা দিন দিন শ্বাসকষ্ট, হাঁপানি, ঠান্ডা ও ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হচ্ছে। একই এলাকার একাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলে, বরমী এলাকা থেকে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, মহিলা কলেজ, পাইলট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন অন্তত ১ হাজার ২০০ শিক্ষার্থী যাতায়াত করে। বিপদে পড়ে এই রাস্তা ব্যবহার করতে হয়।
শ্রীপুরের কনজ্যুমার পণ্যের পরিবেশক দুলাল আহমেদ বলেন, পণ্য সরবরাহের জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হওয়া গর্তে মালামালসহ গাড়ি আটকে যায়। কখনো আবার গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। উপজেলা সদরের মূল রাস্তাটি এমন বাজে।
বরামা চৌরাস্তার মুদি ব্যবসায়ী হাফিজ বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক সম্পূর্ণ মেরামত করা না হলে জনমানুষের ভোগান্তির অন্ত থাকবে না।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, এলাকাটি শিল্পসমৃদ্ধ। এ কারণে এই রাস্তায় স্বাভাবিকের তুলনায় ভারী যানবাহন বেশি চলাচল করে। বিশ্বব্যাংকের পরামর্শে আগের চলমান কাজ বন্ধ রাখা হয়েছে। নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে সড়ক সংস্কার প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তখন আর জনদুর্ভোগ থাকবে না।