বৃষ্টিতে ক্ষতবিক্ষত সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিনের ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের রাউজানের হালদা নদীর তীরবর্তী উড়কিরচর ইউনিয়নের ১২টি সড়ক ভেঙে গেছে। এতে ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছে নয়টি গ্রামের ৩০ হাজার মানুষ।
গত এক সপ্তাহ হালদার অস্বাভাবিক জোয়ারের পানিতে উড়কিরচর ইউনিয়নের সড়কগুলো প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা পানির নিচে ডুবে থাকছে। বৃষ্টি ও স্রোতে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে সড়কগুলো।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হালদাপাড়ের উরকিরচর উচ্চবিদ্যালয় সড়ক, ঢাকাখালী খলিফারঘোনা সড়ক, মদুনাঘাট জঙ্গল সড়ক, মিরাপাড়া ছমিউদ্দিন শাহ সড়ক, হারপাড়া বইজ্জাখালী গেইট সংযোগ সড়ক ঘুরে প্রতিটি সড়কে খানাখন্দ দেখা গেছে। দিনের একটা সময় সড়কগুলো ডুবে থাকায় পানি ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। পূর্ব উরকিরচর সওদাগরপাড়া সড়কটির একটি অংশ ভেঙে গিয়ে বইজ্জাখালী খালের সঙ্গে মিশে গেছে। এই সড়কে সপ্তাহ ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
উরকিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার বলেন, এবারের বন্যায় উড়কিরচর ইউনিয়নের ১২টি সড়ক বিভিন্ন স্থানে ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। একটি সড়কে গত এক সপ্তাহ যান চলাচল বন্ধ রয়েছে।
রাউজান উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের সামনের সড়ক ও পূর্ব উরকিরচর সওদাগরপাড়া সড়ক-সংস্কারের জন্য দুই লাখ টাকা দেওয়া হয়েছে।