বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহের অকালবর্ষণে বরগুনার আমতলী উপজেলায় রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তা সরেজমিন যাচাইয়ের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
আমতলী উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, দক্ষিণাঞ্চলে তরমুজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ আমতলী উপজেলায় তিন দিনের টানা বর্ষণে উপজেলায় ৪৮ কোটি টাকার রবি ফসলের ক্ষতি হয়, যার মধ্যে অধিকাংশই হলো তরমুজখেত।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আমতলী উপজেলায় রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পড়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে সরেজমিন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কৃষি বিভাগের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ, উপপরিচালক তুষারকান্তি সমাদ্দার ও বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক সাইনূর আজম খান গতকাল বৃহস্পতিবার সকালে আমতলী যান। পরে তাঁরা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত তরমুজখেত ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদলের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার কুকুয়া, কালীপুরা, গাজীপুর, সোনাখালী, পূর্ব সোনাখালী, হলদিয়া, রাওঘা, আঠারোগাছিয়া, শাখারিয়া, চাওড়া ও চন্দ্রা এলাকা পরিদর্শন করেন।
আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা ও আবদুর রাজ্জাক বলেন, কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খেতগুলো পরিদর্শন ও কৃষকদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধৈর্য ধরার পরামর্শ দেন।
এ ব্যাপাের জানতে চাইলে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম প্রথম আলোকে বলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকের নির্দেশে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এখন তাঁরা মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের আলোকে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।