বৃষ্টিতে গদখালীতে ফুলের সর্বনাশ
পাঁচ দিনের টানা বৃষ্টিতে দেশের বৃহত্তম বড় ফুল উৎপাদনের এলাকা যশোরের গদখালীতে গাঁদা ও রজনীগন্ধার সর্বনাশ হচ্ছে। গাঁদা ফুলের ভেতরে পানি জমে পাপড়ি এবং রজনীগন্ধায় ভাইরাস লেগে পচন ধরছে। এতে ফুলের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক তফিজ উদ্দীন বলেন, টানা বৃষ্টিতে ফুলের খেতে ছত্রাক লেগেছে। বৃষ্টির পরে রৌদ্রোজ্জ্বল দিনে গাঁদা ফুলের খেতে ছত্রাকনাশক (রিডোমিন গোল্ড বা টিল্ট) পরিমিত মাত্রায় ছিটালে পচন রোধ করা যাবে। এ ছাড়া মাটিতে পড়ে যেসব রজনীগন্ধার ডাঁটায় এখনো পচন ধরেনি, সেগুলো সোজা করে তুলে দিলে একটু রোদ পেলেই ঠিক হয়ে যাবে।গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, এ অঞ্চলের কৃষ্ণচন্দ্রপুর ও কামার আলী গ্রামে রজনীগন্ধা ও গ্লাডিওলাস এবং পানিসারা, হাড়িয়া, চাঁদপুর ও নারাঙ্গালীতে গাঁদা ফুলের চাষ হয়। অতিবৃষ্টি ও ঝোড়ো বাতাসে অন্তত ২০০ হেক্টরের রজনীগন্ধা-গ্লাডিওলাস এবং এক থেকে দেড় শ হেক্টর জমির গাঁদা ফুলের ক্ষতি হয়েছে। এতে এক হাজার থেকে এক হাজার ২০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গাঁদা ফুল চাষি ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের আজিজুর সরদার জানান, তিনি এ বছর তিন বিঘা জমিতে ফুলের চাষ করেছেন। অতিবৃষ্টিতে খেতের ফুলে পচন ধরছে। এতে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। রজনীগন্ধা ফুলের চাষি একই গ্রামের হায়দার আলী জানান, এবার এক বিঘা জমিতে তিনি ফুলের চাষ করেছেন। বৃষ্টিতে তাঁর খেতের ৫০ ভাগ ফুল নষ্ট হয়ে গেছে। খেত থেকে পচনধরা ফুল সরিয়ে ফেলতে হচ্ছে। এ জন্য বাজারে ফুলের আমদানি বাড়ায় দাম কমে গেছে। এখন ১০০ রজনীগন্ধা ৩০ থেকে ৬০ টাকা দরে পাইকারি বিক্রি করতে হচ্ছে। স্বাভাবিক সময়ে ১০০ রজনীগন্ধা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়।