বৃষ্টিতে গরম কমলেও বেড়েছে ভোগান্তি

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ রোববার সকাল থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে গরম কমেছে। তবে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষ পড়েছেন দুর্ভোগে।
বৃষ্টিতে রাজধানীতে যানজট বেড়েছে। কোথাও কোথাও জলাবদ্ধতা হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষ। সড়ক ও মহাসড়কের গর্তগুলোতে পানি জমেছে। যানবাহন আস্তে চলছে। এতে যানজট বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় সকাল ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনাল কাদা-পানিতে একাকার হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে বৃষ্টির পানিতে কাদা জমেছে। ফলে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েন।
কোরবানি ঈদ উপলক্ষে আসা পশুবাহী ট্রাকগুলোও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে।