বৃষ্টিতে গোয়ালন্দে রবিশস্যের ক্ষতি, বিপাকে কৃষক
কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রোপণ করা মূলকাটা পেঁয়াজের বীজ পচে যাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মুঞ্জুরুল আলম বলেন, ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে পেঁয়াজ, রসুন, মসুর, সরিষাসহ রবি ফসল বপনের উপযুক্ত সময়। কিন্তু বৃষ্টির কারণে এবার সেই সময় পার হয়ে যাচ্ছে। এ বছর যথাসময়ে রবি ফসল কৃষকের ঘরে উঠবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এ ছাড়া যেসব কৃষক মূলকাটা পেঁয়াজবীজ আগে রোপণ করেছেন, বৃষ্টির কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর হাবিল মণ্ডলপাড়ার কৃষক তোফাজ্জেল হোসেন জানান, ঈদের আগে পেঁয়াজবীজ, সার, কীটনাশক, শ্রমিকসহ প্রায় ৪০ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে মূলকাটা পেঁয়াজবীজ রোপণ করেন। এক সপ্তাহ পর থেকে চারাগাছ গজাতেও থাকে। কিন্তু ঈদের পর টানা বৃষ্টিতে জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বীজ পচে নষ্ট হয়ে গেছে। এখন রোপণের জন্য নতুন করে জমি চাষ করছেন।
উজানচর বকারটিলা গ্রামের ইউনুছ মিয়া বলেন, ঈদের এক দিন পর ১৬ শতাংশ জমিতে প্রায় ১৫ হাজার টাকা খরচ করে পেঁয়াজ রোপণ করেন। এর দু-তিন দিন পর থেকে টানা বৃষ্টির কারণে পানি আটকে সম্পূর্ণ খেত নষ্ট হয়ে গেছে। এদিকে রবি ফসল আবাদের সময় প্রায় শেষ। সময়মতো বীজ বপন করতে না পারায় ভালো ফলন ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গোয়ালন্দে মূলকাটা পেঁয়াজবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন হাজার হেক্টর। ইতিমধ্যে ৮৩ হেক্টরে রোপণ হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রায় ১৫ হেক্টর জমির পেঁয়াজবীজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি। এ ছাড়া সরিষা ও মসুর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে এক হাজার ও ৫৫০ হেক্টর।