বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে ১৬ জাহাজে পণ্য খালাস বন্ধ
ভারী বৃষ্টিপাতের কারণে গত দুই দিন চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালবাহী ১৬টি জাহাজ থেকে খালাসকার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তবে কনটেইনারবাহী জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজের হ্যাচ (খোল) খুলে খোলা ও বস্তাবন্দী আকারে আমদানি হওয়া পণ্য খালাস করতে হয়। বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে এবং জেটিতে সরাসরি ট্রাকে ক্রেনের সাহায্যে পণ্য খালাস করা হয়। কিন্তু বৃষ্টির সময় এভাবে খালাস করা হলে পানিতে ভিজে পণ্য নষ্ট হয়ে যায়। এ কারণে বৃষ্টিপাতের সময় এসব জাহাজ থেকে পণ্য খালাস করা হয় না। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বৃষ্টিপাতের কারণে জেটিতে দুটি এবং বহির্নোঙরে ১৪টি জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে এসব জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। বন্দর সূত্রে জানা গেছে, ১৬টি জাহাজে অপরিশোধিত চিনি, গম, মটরদানা এবং সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।