বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত
ছয় দিন ধরে বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।বন্দরের হিসাবে, গতকাল মঙ্গলবার বহির্নোঙরে পণ্যবাহী ৪০টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে অপরিশোধিত চিনিবাহী তিনটি জাহাজ, লবণবাহী দুটি, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী ১৩টি ও সারবাহী দুটি জাহাজও রয়েছে। অন্য জাহাজগুলোর পণ্য খালাসের জন্য দলিলাদি সম্পন্ন হয়নি। কিছু জাহাজ জেটিতে ভেড়ার অপেক্ষায় বহির্নোঙরে দাঁড়িয়ে আছে।প্রসঙ্গত, যেসব বড় আকারের বাল্ক জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারে না, সেগুলো থেকে পণ্য খালাস করতে হয় বহির্নোঙরে। এসব বড় জাহাজ থেকে পণ্য খালাস করে প্রথমে ছোট আকারের লাইটার জাহাজে বোঝাই করা হয়। পরে এসব পণ্য কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটসহ দেশের বিভিন্ন ঘাটে পরিবহন করা হয়।কিন্তু বৃষ্টি হলে খালাসের সময় খোলা পণ্য নষ্ট হয়ে যায়। কারণ এসব পণ্য জাহাজের খোলসে খোলা অবস্থায় থাকে। খোলসের ঢাকনা খুলে পণ্য খালাস করতে হয়। বেসরকারি শিপ হ্যান্ডলিং অপারেটররা বহির্নোঙরে পণ্য খালাসের কাজ পরিচালনা করে।চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাধারণত বৃষ্টি হলে বহির্নোঙরে পণ্য খালাসকাজ ব্যাহত হয়।