বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা
আবারও বৃষ্টিপাতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল রোববার সকাল থেকে মাঝারি মাত্রার এই বৃষ্টিপাত শুরু হয়।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের হিসাবে গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৫২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়াবিদেরা জানান।
বৃষ্টির ফলে নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, পাঁচলাইশ, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়।
১০ দিন আগে টানা তিন-চার দিনের বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকা দফায় দফায় প্লাবিত হয়েছিল। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। কয়েক দিন বিরতির পর ফের বৃষ্টিপাতে জলাবদ্ধ হয়ে পড়ল নগর। এতে স্কুল-কলেজ ও অফিসগামী লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন কমে যায়। দু-একটি রিকশা বের হলেও ভাড়া ছিল দু-তিন গুণ বেশি।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।