বৃষ্টিতে ছন্দপতন, তবু একুশের আবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাল্গুনের দিনেও গতকাল সকাল থেকেই ছিল আকাশের মন খারাপ। মেঘলা, গম্ভীর। বেলা গড়ালে ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে রিমঝিম বৃষ্টি। তাতে ছন্দপতন হলো অমর একুশের বইমেলার। আগের দুই দিন ছিল সাপ্তাহিক ছুটি। গ্রন্থানুরাগীদের উপচে পড়া ভিড় ছিল মেলায়। বিক্রি হয়েছে যথেষ্ট।

ছুটির দিন না হলেও গতকাল দুপুরে মেলার প্রবেশদ্বার খোলার পর লোকসমাগম ছিল বেশ ভালো। বরাবরই অমর একুশের আগের দিনে মেলার পরিবেশে একুশের আবহ তৈরি হয়ে যায়। আর অনেক মানুষের সমাগম ঘটে। কিন্তু হঠাৎ বৃষ্টি গতকাল মেলার পরিবেশটাই বদলে দেয়। বেচাকেনা শুরু হতে না হতেই স্টল, প্যাভিলিয়নের ঝাঁপ ফেলে বই বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন বিক্রয়কর্মীরা। আর গা বাঁচাতে লোকজন দ্রুত মেলার মাঠ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। স্টলগুলোর ভেতরে ক্রেতাদের দাঁড়ানোর জায়গা নেই। দু-একটি প্যাভিলিয়ন ছাড়া অধিকাংশ প্যাভিলিয়নের ভেতরেও ক্রেতাদের প্রবেশের ব্যবস্থা ছিল না। সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মাঠে মাথা গোঁজার জায়গা বলতে ‘লেখক বলছি’ আর ‘মোড়ক উন্মোচন’ এই দুই মঞ্চ। সেখানেই গাদাগাদি করে বৃষ্টি ছাড়ার জন্য অপেক্ষা করেছেন কেউ কেউ।

বৃষ্টি তেমন প্রবল ছিল না। অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ বললেন, শুরু থেকেই এবার যেভাবে মেলার বেচাকেনা বাড়ছিল, এই বৃষ্টিতে তাতে ছন্দপতন ঘটল। ফেব্রুয়ারির কুড়ি ও একুশের দিনে ভালো বিক্রি হয়, একটি দিনের বিক্রি থেকে বঞ্চিত হলেন প্রকাশকেরা। কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে মাঠ যেভাবে কাদাপানিতে ভরে গেছে তাতে লোকজনের চলাচলে বেশ অসুবিধা হবে। এ জন্যই চলার পথে ইট পাতার ব্যবস্থা রাখার প্রয়োজন ছিল। বরাবর তা–ই করা হয়, কিন্তু এবার সেটা হয়নি। এবার মেলায় অনুপম থেকে বেশ কিছু নতুন বই এসেছে। তার মধ্যে আছে সুব্রত বড়ুয়ার লেখা আনিসুজ্জামান: জীবনকথা, যতীন সরকার রচনা সমগ্র সপ্তম খণ্ড, আহসান হাবিবের রোমাঞ্চ কাহিনি মিশন সোয়াচ অব নো গ্রাউন্ড ইত্যাদি।

বৃষ্টি ছাড়ে সন্ধ্যায়। তখন টিএসসি বা আশপাশের এলাকায় আশ্রয় নেওয়া গ্রন্থানুরাগীরা দু–একজন করে মেলায় আসতে থাকেন। বিক্রেতারাও দোকানের ঝাঁপ খুলতে থাকেন। ফিরে আসে একুশের আবহ। টঙ্গী থেকে সস্ত্রীক মেলায় এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রকিবুল হাসান। বৃষ্টির বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁদের। তিনিও বললেন, এমন দিনে বৃষ্টি হবে, ভাবতে পারেননি। মেলায় পায়ে চলার পথ করলে ভালো হতো। কাদাপানিতে পিছলে যাওয়ার শঙ্কা আছে। মেলা কর্তৃপক্ষও হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা ভাবেনি।

নতুন বই

প্রকৃতি বৈরী হলেও নতুন বই আসায় কমতি ছিল না মেলায়। গতকাল তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ৮৯টি। এবারের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে প্রথমা প্রকাশন এনেছে হরিশংকর জলদাসের কিশোর উপন্যাস ভাস্কো দা গামার বেহালা। বিক্রেতারা জানালেন, আকবর আলী খানের আত্মজীবনী পুরানো সেই দিনের কথা বইটি ভালো চলছে। অন্য বইয়ের মধ্যে অনিন্দ্য এনেছে আহমদ রফিকের প্রবন্ধ রবীন্দ্রনাথ: হিন্দু মুসলমান সম্পর্ক ও কাব্যে আধুনিকতা, গ্রন্থকুটির এনেছে বিশ্বজিৎ ঘোষের সাহিত্যে নারীর মুখ ও অন্যান্য, বিভাস এনেছে মহাদেব সাহার কবিতা সুন্দর, তোমারই হাতে তুলে দেবো সব, বাংলা একাডেমি এনেছে মুহম্মদ নূরুল হুদার জীবনীগ্রন্থ মহানবী, বাবুই এনেছে উমর ফারুকের শিশুতোষ সিংহ কেন বনের রাজা, ইছামতি এনেছে দন্ত্যস রওশনের কিশোর গল্প সংকলন গল্পঘণ্টা।

আজ অমর একুশের দিনে মেলা শুরু হবে সকাল আটটা থেকে। প্রকৃতি বিরূপ না হলে জনসমুদ্র হয়ে উঠবে সবার প্রাণের বইমেলা।


ঘরে বসে বইমেলার বই পেতে ভিজিট করুন: prothoma.com । কল করুন: ০১৯৮৮৩৩৭৭৩৩