বৃষ্টিতে ছয় শতাধিক চাতাল বন্ধ ১২ হাজার শ্রমিক বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছয় শতাধিক চাতাল বন্ধ হয়ে গেছে। এসব চালকল ও চাতালের ১২ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এতে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। উপজেলা চাতাল কল মালিক সমিতি সূত্রে জানা গেছে, এই উপজেলায় ৪২৬টি চাতালের মালিক প্রতিবছর প্রত্যেক মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ করেন। এবারও তাঁরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ করছেন। এসব চাতাল ছাড়াও ছোট ছোট প্রায় দেড় শতাধিক চাতাল রয়েছে। এসব চাতালে ধান সেদ্ধ ও শুকানো, মিলে ধান ছাঁটানিসহ গুঁড়া ঝাড়ানির কাজে ১২ হাজার শ্রমিক কাজ করেন।দুপচাঁচিয়া উপজেলা সদরে অবস্থিত মেসার্স খাজা রাইস মিলের শ্রমিক আবুল হোসেন বলেন ‘গত ১০-১২ দিন চাতালের ধান সেদ্ধ ও শুকানো বন্ধ। সেই সাথে হামাকেরে চুলার আগুনও ঠিকমতো জ্বলিচ্চে না। রোজার দিন কীভাবে কষ্ট কর‌্যা ছোলপোলক লিয়্যা দিন পারি দিচ্ছি তা আল্লাহই ভালো জানেন।’গুঁড়া ঝাড়ানির কাজে নিয়োজিত শ্রমিক তাছলিমা বেগম বলেন, ‘প্রতিদিন গুঁড়া ঝাড়ার কাজ কর‌্যা দ্যাড় শ থেকে দুই শ ট্যাকা কামায় করি। স্বামী রিকশা চালায় আর হামি গুঁড়া ঝাড়া যে ট্যাকা পাই তা দিয়্যা ছোলের লেখাপড়ার খরচ কর‌্যা সংসার খারাপ চলে না। কিন্তু কয়েক দিনের একটানা বৃষ্টিতে ধার-দেনা কর‌্যা খুব কষ্টে সংসার চালান লাগিচ্ছে।’ মেসার্স খাজা রাইস মিলের মালিক নাজমুল আরেফিন বাবু বলেন, ‘একটানা বৃষ্টির কারণে চাতালের হাউসে ও খলায় ধান আটকে পড়েছে। সেদ্ধ ধানে পচন ধরে পচা গন্ধ বের হচ্ছে। গত দুদিন বৃষ্টি না হলেও রোদের মুখ দেখা যায়নি। হাউসের ধানেও গাছ গজিয়েছে।’উপজেলা চাতাল চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, ‘প্রায় চাতালেই সেদ্ধ ধান খলায় আটকে গেছে। কম-বেশি ক্ষতি হবে। রোজার মাস চলছে। সামনে ঈদ। এ কারণে আমরা সব চাতাল মালিককে বলেছি, প্রয়োজন হলে শ্রমিকদের অগ্রিম টাকা দিয়ে সাহায্য করতে হবে।’