বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
কয়েক দিনের টানা বৃষ্টিতে দিনাজপুরে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী ছাড়াও জেলার আত্রাই, ইছামতী, কাঁকড়াসহ সব কটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, ২১ আগস্ট সকাল ৬টা থেকে ২২ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত ৬৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনাজপুর জিলা স্কুলের শিক্ষকেরা বলেন, বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। একই কথা জানান কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিুল ইসলাম এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাহেনুল ইসলাম।
এদিকে দিনভর বৃষ্টির কারণে শহরের রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঝানঝিরা গ্রামের রিকশাচালক আবুল কালাম (৫৪) বলেন, ‘২০ বছর ধরি মুই টাউনত রিকশা চালাওঁ। সাত দিন ধরি পানি হে। রাস্তাত মানুষ জন কম। কামাইও কম। তারপরও পেটের দায়ে প্রত্যেকদিন রিকশা চালাছি। কিন্তু গতকাইল শনিবার পানির সাথে ঠান্ডা হাওয়া শরীলটাক একখেরে কাবু করে দিছে।’
পাউবোর সংশ্লিষ্ট বিভাগের সার্ভেয়ার মাহবুব আলম বলেন, ১৬ আগস্ট থেকে জেলায় বৃষ্টি শুরু হয়েছে। গত সাত দিনে মোট ৩০৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার সব কটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, জেলার কোনো উপজেলায় আমন ধান তলিয়ে যাওয়ার খবর নেই। তবে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে সমস্যা হবে বলে তিনি জানান।