বৃষ্টিতে জনজীবন স্থবির, প্রস্তুতি নিচ্ছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ দেশের বিভিন্ন স্থানে টানা বর্ষণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ নৌপথগুলোতে বন্ধ রয়েছে ছোট লঞ্চের চলাচল। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
গতকাল শনিবার বাসস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই-তিন ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশালে শুক্রবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও গতকাল সন্ধ্যায় শুরু হয় ভারী বর্ষণ। আমন ধান ও রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা জারি করায় অভ্যন্তরীণ পথে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
পটুয়াখালীতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অভ্যন্তরীণ সব নদীপথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিকেলে প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়। কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই দাস বলেন, উত্তাল সাগরে টিকতে না পেরে মাছধরা ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে ফিরে আসছে।
ভোলায় টানা বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো বাতাস। ভাঙনকবলিত এলাকায় পথের ধারে বসতঘরের মানুষগুলোর অবস্থা মানবেতর। অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার বলেন, জেলায় ও প্রতিটি উপজেলায় জরুরি সভা করা হয়েছে। ঝড় বাড়লে লোকজনকে সরিয়ে নেওয়া ও জরুরি খাদ্য সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।
বরগুনায় ঝোড়ো হাওয়ায় তিনটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল সকালে সাগরের কচিখালী ও বিষখালী মোহনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে একটি ট্রলারের তিন জেলে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিলেন। ট্রলারডুবি ও নিখোঁজের বিষয়টি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
যশোর আবহাওয়া অফিস শুক্রবার ভোর তিনটা থেকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।
নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, কাজী কলোনি, সার্কিট হাউস সড়কসহ বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।