বৃষ্টিতে জমছে না উদ্বেগ বাড়ছে প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঠিক করেছিলাম, শনিবার সকালে কয়েকটি এলাকায় যাব। গ্রামবাসীর সঙ্গে দেখা করব, তাঁদের কথা শুনব। বৃষ্টি নামতেই সব ভেস্তে গেল।’ এসব কথা বললেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাজেদা বেগম ইতিমধ্যে কোমর বেঁধে প্রচার শুরু করেছেন। কিন্তু বৃষ্টির জন্য সব গুছিয়ে উঠতে পারছেন না। তাঁর কথায়, ‘টানা বৃষ্টি চললে মুশকিল। প্রচারের কাজ এগোবে না। হাতে বেশি সময়ও নেই।’
বগুড়ার শিবগঞ্জে গত দুই দিনের টানা বৃষ্টিতে সব প্রার্থীই প্রচার চালানো নিয়ে উদ্বেগে রয়েছেন। শনিবার সকালে প্রচারে বেরিয়ে কেউ কেউ কাকভেজা হয়ে বাড়ি ফিরেছেন, কেউ আবার বৃষ্টির জন্য বেরোননি। কেউ বা পূর্বপরিকল্পনা বাতিল করে বাড়িতেই কর্মীদের সঙ্গে বসে প্রয়োজনীয় আলোচনা সেরেছেন।