বৃষ্টিতে জলমগ্ন নিচু এলাকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
এক ঘণ্টার বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে এই বৃষ্টিপাত হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, সকাল ১০টার দিকে নগরের জেলা পরিষদ ভবনের সামনের সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন চালক সোহরাব হোসেন (৪০)। এ সময় অটোরিকশার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে সোহরাব বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহরাবের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলজুরি এলাকায়। এসআই জানান, এ ঘটনার পর রাস্তায় তারটি প্রায় এক ঘণ্টার মতো পড়েছিল। ফলে এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফিশারিঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আলতাফ হোসেন (২৫)। তিনি ফিশারিঘাটের আল মানিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁর শ্রমিক। তাঁর বাড়ি মিরসরাইয়ে। সকাল সাড়ে ছয়টার দিকে প্রচণ্ড বৃষ্টির সময় হোটেলের বাইরে ত্রিপল টানিয়ে রুটি বানানোর সময় বৈদ্যুতিক তারে আলতাফের হাত লেগে যায়। এতে তাঁর মৃত্যু হয়। জলাবদ্ধতা: সকাল সাড়ে সাতটা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়। এরপর হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুর ১২টা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে নগরের মুরাদপুর, চকবাজার, প্রবর্তক মোড়, বাকলিয়া, মেহেদীবাগ, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে হাঁটুসম পানি জমে যায়। এতে সড়কে লেগে যায় যানজট।