বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, ৩ নম্বর সতর্কতা সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হন এলাকাবাসী। ছবিটি বুধবার দুপুর ১২টার দিকে নগরের দুই নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হন এলাকাবাসী। ছবিটি বুধবার দুপুর ১২টার দিকে নগরের দুই নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

টানা বৃষ্টিতে বুধবার চট্টগ্রাম নগরের নিচু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। মৌসুমি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। একই কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার রাত থেকে কখনো মাঝারি, কখনো গুঁড়ি গুঁড়ি মাত্রায় এই বৃষ্টিপাত হচ্ছে।

টানা বৃষ্টিতে নগরের হালিশহর, কাপাসগোলা, চকবাজার উর্দু গলি, শুলকবহর, বাদুড়তলা, ষোলোশহর, দুই নম্বর গেট, মোহাম্মদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ, চান্দগাঁও, কাতালগঞ্জ, বাকলিয়াসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।

সরেজমিনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শুলকবহর মুন্সিরপুকুর পাড় এলাকায় গিয়ে দেখা যায়, হাঁটুসমান পানি। স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানালেন, সকাল থেকে এখানে পানি উঠেছে। সামান্য বৃষ্টিতেই এ এলাকা পানিতে তলিয়ে যায়।

দুপুর ১২টার দিকে নগরের চকবাজারের উর্দু গলিতে দেখা যায়, হাঁটুসমান পানি থই থই করছে। এর মধ্যে এলাকার বাসিন্দারা চলাফেরা করছেন। নালার ময়লা-আবর্জনা ভাসছে এই পানিতে।

টানা বৃষ্টিতে নগরের চকবাজার মুন্সিরপুকুর পাড় এলাকায় জলাবদ্ধতা হয়। এ সময় দুর্ভোগে পড়ে এলাকাবাসী। ছবিটি বুধবার বেলা একটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল
টানা বৃষ্টিতে নগরের চকবাজার মুন্সিরপুকুর পাড় এলাকায় জলাবদ্ধতা হয়। এ সময় দুর্ভোগে পড়ে এলাকাবাসী। ছবিটি বুধবার বেলা একটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

বৃষ্টির কারণে নগরে যানবাহনের সংখ্যাও কমে যায়। এর ফলে রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, উপকূলীয় গাঙ্গেয় এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল ছয়টার সময় খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুটের অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।