
রাজশাহীর চারঘাট উপজেলার একটি খাল আংশিক ভরাট ও বেদখল হয়ে গেছে। এখন ভারী বৃষ্টি হলেই উপজেলার ৭টি গ্রামের প্রায় ৫০০ একর জমির ফসল তলিয়ে যায়।
গত বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে খালটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। চলতি মাসের মাঝামাঝি সময়ে কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এসব জমির ফসল।
স্থানীয় লোকজন বলেন, চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মিরকামারী, কাঁকালকাটি, বেলঘরিয়া, বাখরাবাজ, দালালপাড়া সাহাপুর, গোয়াবাসনি ও নওদাপাড়া গ্রামের বৃষ্টির পানি আগে বেলঘরিয়া খাল দিয়ে পদ্মা নদীতে নামত। গত আট-দশ বছর থেকে খালটি ভরাট হয়ে গেছে। স্থানীয় লোকজন তা দখল করে নিজের মতো ব্যবহার করছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম বলেন, এখন ভারী হলেই এই এলাকার প্রায় ৫০০ একর জমির ফসল তলিয়ে যায়।
আবার এলাকার উত্তরাংশের পানি একই খালের উত্তর দিক দিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দিগড়ের বিলে গিয়ে পড়ত। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের এই খালটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে এটি সরু হয়ে ধীরে ধীরে ভরাট হয়ে যেতে থাকে। কোনো কোনো জায়গায় এই খাল বেদখল হয়ে গেছে। এখন আর এই খাল দিয়ে পানি প্রবাহিত হয় না।
এখন বৃষ্টির পানিতেই সাত গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়। দীর্ঘদিন মাঠের জমিতে পানি জমে থাকে। কৃষকেরা জমিতে ধান রোপণ
করতে পারেন না। প্রায় ১০০ পরিবার ১ মাস থেকে পানিবন্দী হয়ে থাকে।
২৭ জুলাই ওই গ্রামগুলোয় গিয়ে দেখা যায়, ইতিমধ্যে রোপণ করা সব জমির ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে কাঁকালকাঠি গ্রামে একটি মুরগির খামার বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, পুকুরের মাছ ভেসে গেছে। কাঁকালকাঠি গ্রামের কৃষক গোলাম রাব্বানি বলেন, তাঁদের ৩ ভাইয়ের ১৮ বিঘা জমি রয়েছে। ৮ থেকে ১০ বছর ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এই জমির ধান ঠিকমতো ঘরে তুলতে পারেন না।
গ্রামের কৃষক তবিবুর রহমান বলেন, ছয় হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে ধান লাগানোর পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়। এখন ধানের জমির ওপর দিয়ে স্রোত বইছে।
কৃষক মঞ্জুর রহমান বলেন, ফসল ডুবে যাবে মনে করেই তাঁরা জমিতে ধান রোপণ করেন। যদি বৃষ্টি কম হয়, তাহলে ১ এক বিঘা জমিতে কমপক্ষে ২০ মণ ধান হয়। আর বেশি বৃষ্টি হলে তাঁদের লোকসান হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঠের দিকে তাকালে কান্না পায়। প্রতিবছর সাংবাদিকেরা এসে ছবি তুলে নিয়ে যান। কিছুই হয় না।
চারঘাট উপজেলার ইউসুফপুর ইউপি চেয়ারম্যান বলেন, উপজেলার বেলঘরিয়া থেকে আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি দিয়েই আগে এই এলাকার বৃষ্টির পানি সাহাপুর গ্রামে পদ্মা নদীতে পড়ত। খালটি ভরাট হয়ে যাওয়ার পর এখন এই দুর্ভোগ শুরু হয়েছে। এলজিইডির কর্মকর্তারা গত বছর বলেছিলেন বিদেশি একটা প্রকল্প থেকে এই খাল সংস্কার করা যাবে। এ জন্য স্থানীয় কমিটি তৈরি করে তাঁর (চেয়ারম্যান) সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে ঢাকার এলজিইডি কার্যালয়ে পাঠানো হয়েছিল। তারপর কী হয়েছে তাঁরা আর জানতে পারেননি।
চারঘাট উপজেলা প্রকৌশলী মোজাহার আলী বলেন, তাঁরা এটা প্রস্তাব আকারে ঢাকায় পাঠিয়েছেন। এখন পর্যন্ত সে প্রস্তাব পাস হয়নি।
স্থানীয় লোকজন বলেন, উত্তর দিকের খালটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)। এটা সংস্কারের ব্যাপারে জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ বলেন, স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন এ বিষয়ে কথা বলেছিলেন। তাঁরা নতুন একটি প্রকল্পভুক্ত করে খালটি সংস্কারের কথা ভাবছেন।