বৃষ্টিতে তরমুজসহ ৩৯৩ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের অতিবৃষ্টিতে পটুয়াখালী জেলায় রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে মুগ, খেসারি, ফেলন, মরিচ, তিল, চিনাবাদাম, আলু ও তরমুজখেত ডুবে থাকায় ফসল পচে এই ক্ষতি হয়েছে। সরকারি হিসাবেই জেলায় ক্ষতির পরিমাণ প্রায় ৩৯২ কোটি ৯৯ লাখ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘টানা পাঁচ দিন বৃষ্টির ফলে পানিতে খেত ডুবে থাকায় ফসলের ক্ষতি বেশি হয়েছে। খেত থেকে দ্রুত পানি সরানোর জন্য আমাদের মাঠকর্মীরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি ফসলের যাতে ক্ষতি না হয় সে বিষয়ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, ৮ মার্চ থেকে গতকাল রোববার ১২ মার্চ পর্যন্ত অতিবৃষ্টিতে ফসলের খেত ডুবে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তরমুজের। জেলায় ১৮ হাজার ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ২৫ হেক্টর। অর্ধেক খেতের তরমুজ নষ্ট হয়ে গেছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ২৫৯ কোটি ৯২ লাখ টাকা। এ ছাড়া মুগডাল আবাদ হয়েছে ৮৩ হাজার ৯৪০ হেক্টর জমিতে। বৃষ্টির পানিতে ডুবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ১৬ হাজার ৭৮৮ হেক্টর জমির মুগ। ক্ষতির পরিমাণ ৭৫ কোটি ৫৫ লাখ টাকা। খেসারি ডাল চাষ হয়েছে ২৭ হাজার ৩০০ হেক্টর জমিতে। বৃষ্টির পানিতে খেত ডুবে থাকায় ১ হাজার ৩৬৫ হেক্টর জমির খেসারি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ২ কোটি ৭৩ লাখ টাকা। ফেলন ডাল ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ক্ষতি হয়েছে ৩ হাজার ৮৬০ হেক্টর জমির। ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৪৮ লাখ টাকা। মরিচ আবাদ হয়েছে ৮ হাজার ৯২২ হেক্টর জমিতে। সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৮৯২ হেক্টর জমির মরিচ। ক্ষতির পরিমাণ ১১ কোটি ৬০ লাখ টাকা। তিল ২ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ক্ষতি হয়েছে ৪২০ হেক্টর। ক্ষতির পরিমাণ ২ কোটি ৩৬ লাখ টাকা।
চিনাবাদাম ৫ হাজার ৬০৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ক্ষতি হয়েছে ১ হাজার ১২২ হেক্টর। ক্ষতির পরিমাণ ৬ কোটি ২৮ লাখ টাকা। আলু আবাদ হয়েছে ১ হাজার ৭২০ হেক্টর। ক্ষতি হয়েছে ৮৬ হেক্টর। ক্ষতির পরিমাণ ২০ কোটি ৭ লাখ টাকা।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এখনো নিচু এলাকার ফসলি খেত পানিতে ডুবে রয়েছে। জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের হাসেম মোল্লা জানান, তাঁদের প্রধান ফসলই হচ্ছে তরমুজ। এ বছর তরমুজ উঠতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও খেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খেতের তরমুজ খেতেই নষ্ট হয়ে যাচ্ছে।