বৃষ্টিতে তলিয়ে যায় স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি। গতকাল ছবিটি তুলেছেন মনিরুজ্জামান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি। গতকাল ছবিটি তুলেছেন মনিরুজ্জামান

সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি জমে যায়। অঘোষিত ছুটি হয়ে যায় বিদ্যালয়। আট বছর ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সদরের বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ দশা।
গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টি হয়। এরপর বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সরকারি ছুটি থাকলেও উপবৃত্তির টাকার জন্য নাম নিবন্ধন করতে শিক্ষার্থী ও শিক্ষকেরা বিদ্যালয়ে এসেছেন। এরপর বিদ্যালয়ের মাঠের পানি ভেঙে ছোট একটি শ্রেণিকক্ষে ঢোকেন তাঁরা। তবে কক্ষের ভেতরেও পানি জমায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের একটি উঁচু ভবনের শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসানো হয়।
চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন ও পঞ্চম শ্রেণির ছাত্রী রোমানা ইয়াসমিন বলে, বৃষ্টি হলেই বিদ্যালয় অঘোষিত ছুটি হয়ে যায়। বিদ্যালয়ের পাশের সড়ক ও বিপণিবিতান উঁচু হওয়ায় সব পানি বিদ্যালয়ের মাঠে জমা হয়। এরপর বিদ্যালয়ের একটি উঁচু ভবন ছাড়া অন্য দুটি ভবনে পানি উঠে যায়। দুটি ভবনের একটি পরিত্যক্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস শামসুন নাহার বলেন, বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ তলিয়ে পানি শ্রেণিকক্ষে প্রবেশ করে। এ ছাড়া কক্ষ-সংকটের কারণে পরিত্যক্ত একটি টিনশেড ভবনে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের পাশের একটি বিপণিবিতানের সেপটিক ট্যাংকের ঢাকনা না থাকায় দুর্গন্ধযুক্ত ময়লা বৃষ্টির পানিতে মিশে যায়। এতে দুর্গন্ধে শ্রেণিকক্ষে টেকা যায় না। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল বলেন, ‘আমরা গত বছর বিদ্যালয়ের মাঠটি কিছুটা উঁচু করেছিলাম। পুরোপুরি উঁচু না হওয়ায় এ ধরনের সমস্যা হচ্ছে।’
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’