
রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকা গতকাল শুক্রবার তলিয়ে যায়৷ এতে নাকাল হতে হয় বাসিন্দাদের৷ দেয়ালধসে এক নারী সামান্য আহত হন৷ এ ছাড়া নগরের কয়েকটি স্থানে পাহাড় ও দেয়ালধসের ঘটনা ঘটলেও হতাহতের আর কোনো তথ্য পাওয়া যায়নি৷
গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করে গতকাল বেলা ১১টা পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকে৷ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এবং সঞ্চালনশীল মেঘমালার কারণে এই বৃষ্টি হয়৷ আরও বৃষ্টিপাতের আশঙ্কায় উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাস এবং চট্টগ্রামে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর৷ সেই সঙ্গে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে৷
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷ এটি এই মৌসুমে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ১১ মে নয় ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল৷
বিরামহীন বৃষ্টিতে নগরের বাকলিয়া, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড়, ওয়াসা মোড়, কাপসগোলা, পাঁচলাইশ, বাদুরতলা, হালিশহর, আগ্রাবাদ, প্রবর্তক মোড়, চাক্তাই, চান্দগাঁওসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে গলাসমান পানি জমে৷ নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে৷ এতে চরম দুর্ভোগের শিকার হন বাসিন্দারা৷ বহদ্দারহাটের বারুইপাড়ার বাসিন্দা মো. ইব্রাহিম জানান, রাত থেকে সড়ক উপচে তাঁদের বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে৷ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে পানি বাড়ে৷
নগরের চেরাগী পাহাড়সংলগ্ন রাজাপুর লেনে দেয়ালধসে দীপালি দাশ (৭০) নামের এক নারী আহত হন৷ বৃষ্টির পানির তোড়ে ছয়টি ঘরের ওপর দেয়ালটি ধসে পড়লে ঘরগুলো ভেঙে যায়৷ এ সময় দীপািল আহত হন৷ ভুক্তভোগী সুমন দাশ প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বৃষ্টির সময় নালার পাশের দেয়ালটি ধসে পড়ে৷ এ ছাড়া গতকাল সকালে নগরের প্রবর্তক পাহাড়ের একটি অংশ ধসে পড়ে৷ তবে এতে কেউ হতাহত হয়নি৷
বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, নগরের ষোলশহর, জিইসি মোড়, মুরাদপুর ও বহদ্দারহাটে কোমরসমান পানি ওঠায় বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়৷ বেলা একটার পর থেকে যান চলাচল আবার স্বাভাবিক হয়৷
যে কারণে জলাবদ্ধতা: নগরে বৃষ্টির পানি নিষ্কাশন হওয়ার জন্য মূল খাল রয়েছে ১৬টি। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের প্রাথমিক ১৬টি খালের সব কটির অধিকাংশ ও গুরুত্বপূর্ণ অংশ বেদখল হয়ে গেছে৷ এ ছাড়া এসব খাল সময়মতো সংস্কার ও খনন করা হয়নি৷ কিছু কিছু খালের মাটি তোলা হলেও তা রাখা হয়েছিল পাড়ে৷ পরে বৃষ্টির পানিতে ওই মাটি আবার খালে পড়ে৷
সিটি করপোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, জলাবদ্ধতা নিরসনে করপোরেশন চার বছরে ব্যয় করেছে ১৪৭ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৪১ কিলোমিটার নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন ও অপসারণ করা হয়। এ সময় নগরে নালা-নর্দমা নির্মাণ করা হয় ১২১ কিলোমিটার৷ এতে ব্যয় হয় ২১ কোটি৷ এ ছাড়া নগরের বিভিন্ন খালে ২৯ কোটি টাকায় ৩২ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়৷
এ ছাড়া সাড়ে আট কোটি টাকায় বহদ্দারহাটের শুলকবহর থেকে ডোম খাল পর্যন্ত সংযোগ খাল তৈরি করা হয়৷ ২৫ কোটি টাকা ব্যয়ে নগরের বহদ্দারহাট ও মহেশখাল নামে দুটি প্রকল্পের কাজ চলছে৷
জলাবদ্ধতা নিরসনে প্রতিবছর বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হলেও এর সুফল পাচ্ছেন না নগরবাসী। প্রতি বর্ষায় অল্প বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকা তলিয়ে যায়৷
সতর্কবার্তা: উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে৷ সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে৷ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে৷ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে৷ মৌসুিম লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক-দুই ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে৷
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পাহাড়ধসের সতর্কবাণী: লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে৷ সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর৷
এদিকে বৃষ্টির সময় নগরের বিভিন্ন পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন৷ প্রায় দেড় শ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷