বৃষ্টিতে দিনাজপুরে ফসল ইটভাটার ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের বৃষ্টিতে দিনাজপুরে আলু, সরিষা, ফুলকপি, বাঁধাকপিসহ শাকসবজি এবং ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। সদর, চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিস্তীর্ণ এলাকার বোরো খেত পানিতে তলিয়ে গেছে।
চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের চাষি সন্তোষ রায় জানান, তাঁর ১০ বিঘা জমির উঠতি আলু পানিতে তলিয়ে গেছে। সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের কৃষক হামিদুর রহমান জানান, তাঁর তিন বিঘা সরিষা ও এক বিঘা জমির পেঁয়াজখেত পানিতে নষ্ট হয়েছে। বীরগঞ্জের কৃষক আবদুল্লাহ আল কাফি বলেন, এমনিতেই আলু, বেগুন, কপিসহ শাকসবজির দাম না পেয়ে কৃষক ফতুর হয়ে গেছে, তার ওপর দুই দিনের বৃষ্টি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আলম বলেন, বৃষ্টির কারণে আলুসহ সব ধরনের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে গম, রসুনসহ কয়েকটি ফসলের উপকারও হয়েছে। কয়েক হাজার হেক্টর জমির বোরো খেতের কয়েক কোটি টাকা সেচের খরচ সাশ্রয় হবে। যেসব আম ও লিচুগাছে মুকুল বের হয়নি বা বের হচ্ছিল, সেগুলোর অনেক উপকার হবে। তবে বৃষ্টির কারণে ফুটে যাওয়া আম ও লিচুর মুকুলের ক্ষতি হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার রাত থেকে জেলায় টিপটিপ বৃষ্টি শুরু হয়। শুক্রবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হয়। গতকাল শনিবারও সারা দিন বৃষ্টি হয়েছে। দিনাজপুর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, ৩৬ ঘণ্টায় জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল সদর উপজেলার শঙ্করপুর ও উথরাইল, চিরিরবন্দরের সাঁইতাড়া, আবদুলপুর, সাতনালা, তেঁতুলিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে চার দিক থই থই করছে। কয়েক শ একর জমির আলু ও সদ্য রোপণ করা বোরো ধানের খেত তলিয়ে গেছে। সরিষার গাছ পানিতে লুটিয়ে পড়েছে।
সদর উপজেলার কাঁটাপাড়া, রাজবাটি, শেখপুরা, সুন্দরবন, ফাজিলপুরসহ চিরিরবন্দর ও বিরল উপজেলার কয়েকটি ইটভাটার কয়েক লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।
দিনাজপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজামেঞ্চল হক জানান, বৃষ্টির কারণে জেলার ইটভাটার মালিকদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে।