বৃষ্টিতে দুর্ভোগ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে রাজধানী ঢাকার অনেক এলাকা তলিয়ে গিয়েছিল গতকাল বুধবার। বিকেল চারটা থেকে প্রায় আধা ঘণ্টার ভারী এই বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। হরতাল চললেও গতকাল বিকেলের দিকে নগরে যানবাহনের চাপ বাড়ে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা হয়।

আবহাওয়া দপ্তর জানায়, কালবৈশাখীর কারণেই গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়। ঢাকায় গতকাল বিকেলের ৩৯ মিলিমিটার বৃষ্টি ছাড়াও আগের রাতে (মঙ্গলবার) বৃষ্টি হয় ১৮ মিলিমিটার। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, ১৩৭ মিলিমিটার।

জলাবদ্ধতা: গতকাল বিকেলে অল্প সময়ে ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। রাজারবাগ পুলিশ লাইন থেকে শান্তিনগর, বেইলী রোড ও সার্কিট হাউস রোডে হাঁটুর ওপরে পানি জমে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে এসব এলাকায় সিএনজিচালিত অনেক অটোরিকশা ও ট্যক্সিক্যাব বিকল হয়ে পড়ে। এসব এলাকা ছাড়াও নগরের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, বিকেলে ঢাকায় এই মৌসুমের সবচেয়ে বেশি বৃষ্টি হয়। অনেক এলাকার নালা-নর্দমার মুখ বন্ধ থাকায় পানি জমে যায়। তাৎক্ষণিকভাবে ওয়াসার কর্মীদের রাস্তায় নামানো হয়। গতকালের অভিজ্ঞতা থেকে সামনের দিনগুলোর পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে তিনি জানান।