বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে উচ্ছেদ হওয়া মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্যুদ্বার (বৃহস্পতিবার) রাইতে বিষ্টির সময় দুই বাচ্চারে নিয়া দোকানের বারান্দায় দাঁড়াইয়া ছিলাম। বিষ্টির পর ভাঙা ঘরের জায়গায় ফিরছি। কিন্তু আইজ (গতকাল শুক্রবার) সকাল থেইকা যে দমকা হাওয়া আর বিষ্টি অইয়া গেল, কোত্থাও ঠাঁই পাই নাই। বাচ্চারা ভিজছে। ওগো বাপ গ্রামে গেছে, এখন ওগোরে নিয়া কই যামু?’কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন রাহেলা বেগম। তিনি গৃহপরিচারিকার কাজ করেন। রাজধানীর মহাখালীতে গত বুধবার করাইল বস্তির অংশবিশেষ উচ্ছেদকালে তাঁর ঘরটিও ভাঙা হয়। হাইকোর্টের নির্দেশে ওই উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। অভিযানে দুই হাজারের বেশি দোকানপাট ও বস্তিঘর উচ্ছেদ করা হয়।রাহেলার মতো উচ্ছেদ হওয়া বস্তিবাসী বুধবার বিকেল থেকে রয়েছে খোলা আকাশের নিচে। বৃহস্পতিবার রাতের বৃষ্টি এবং গতকাল সকালের ঝড়-বৃষ্টি তাদের জীবন আরও দুর্বিষহ করে তোলে। গতকাল গুলশান লেকের অদূরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ঘরের ধ্বংসস্তূপের মাঝে লোকজন অবস্থান করছে। শিশুদের অনেকে কাঁদছে। বেলতলা এলাকায় দিনমজুর আবদুল জব্বার জানান, ১৯৯৫ সাল থেকে তিনি সপরিবারে এই বস্তিতে বাস করছেন। স্ত্রী ঠিকা ঝি, দুই ছেলে কুলির কাজ করে। মেয়ে ঘরে কাজ করে। ঘরের টিন মাথায় নিয়ে আগের রাতে এবং গতকাল বৃষ্টির সময় তিনি ও দুই ছেলে দাঁড়িয়ে ছিলেন।কয়েকজন পুরুষকে দেখা গেল, ভেঙে দেওয়া ঘর আবার দাঁড় করানোর চেষ্টা করছেন। তবে সবার মনেই ভয়, আবার যদি পুলিশ ঘর ভাঙার দানব (বুলডোজার) নিয়ে আসে? তাঁদের একজন রহমত আলী জানান, বৃহস্পতিবার রাস্তা বন্ধ করার সময় তিনি কাজে ছিলেন। পরে এসে শুনেছেন। নেতারা আবার ঘর তুলতে বলে গেছেন। লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। বিক্ষোভ ও সড়ক অবরোধে অংশ নেওয়া করাইল বস্তি রক্ষা আন্দোলনের নেতা পরিচয়দানকারী মো. শাহ আলম বলেন, ‘কোনো একটা ব্যবস্থা না কইরা আর বস্তি ভাঙব না—এমন ওয়াদায় আমরা বৃহস্পতিবার রাস্তা ছাড়ছি। তার পরও বিশ্বাস নাই, তাই সক্কলরে প্রস্তুত থাকতে কইছি।’একজন বস্তিবাসী তাঁর ভেঙে দেওয়া ঘরের টিন গোছাতে গোছাতে গুলশান লেকের পশ্চিম পাড়ের বড় বড় ভবন দেখিয়ে বললেন, ‘চোখের সামনে দ্যাখছি, লেইকের পানির মধ্যে বালু আর মাটি ফেইলা ভরাট করছে। পরে হেরা বিল্ডিং তুলছে। পুলিশ তাগো বিল্ডিং ভাঙতে আসে না। গরিব পাইয়া আমাগো পেটেই খালি লাথি মারে।’বিটিসিএল ও ঢাকা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্বঘোষণা অনুযায়ী বুধবার করাইল বস্তি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তী কয়েক দিন উচ্ছেদ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই হয়েছিল।