বৃষ্টিতে দেড় হাজার একর জমির ধানের ক্ষতি
মৌলভীবাজারের সদর ও বড়লেখা উপজেলায় শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চার দিন নিমজ্জিত থাকায় কমলগঞ্জে প্রায় ৫০০ একর জমির বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিনে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে সদর ও বড়লেখা উপজেলায় ১ হাজার ৪ একর জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৪০০ একর সম্পূর্ণ ও ৫৫৪ একর জমির ধান আংশিক নষ্ট হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা। শিলাবৃষ্টিতে সবজি বা অন্য ফসলের ক্ষতির হিসাব এখনো নিরূপণ করা হয়নি।
সদর উপজেলায় গত বুধবার দিবাগত রাতে প্রচুর শিলাবৃষ্টি হয়। এতে বরইউরি, ঘোড়াছাও, মদনহাল, দশকাহনিয়া, হাজি মুশকিল ও কমলাকলস, শ্রীমঙ্গল, রাধাকান্তপুর, আনিকেলি বড়, আনিকেলি বোদা, রণভীম, নিমারাই, সূর্যপাশা, বাশুরিয়া ও জাজুয়া গ্রামের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। এসব এলাকায় ২৫২ একর সম্পূর্ণ ও ৩৮১ একর জমির ফসল আংশিক নষ্ট হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বড়লেখায় শিলাবৃষ্টিতে ৩৭১ একর জমির ধান নষ্ট হয়েছে। এর মধ্যে ১৯৮ একর সম্পূর্ণ ও ১৭৩ একর আংশিক ক্ষতিগ্রস্ত।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘শিলাবৃষ্টিতে আমার ইউনিয়নের বিরাট ক্ষতি হয়েছে। মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলার মতো অবস্থা নেই। খেতের দিকে যেতে পা চলে না। একমুঠো ধান তোলার অবস্থা নেই।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত বলেন, ‘বেশি ক্ষতি হয়েছে নাজিরাবাদের হাইল হাওর এলাকায়। সেখানে শিলাবৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া সবজি ও আমেরও ক্ষতি হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহাজান বলেন, গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে ৪ এপ্রিল থেকে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বোরো ফসল চার দিন পানির নিচে ছিল। প্লাবণে নয়টি গ্রামের অর্ধসহস্রাধিক কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। পতনঊষার ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে লাঘাটা নদীর অনেক স্থানে ঝোপ, জঙ্গল, গাছ, বাঁশ থাকায় স্বাভাবিকভাবে ঢলের পানি নিষ্কাশিত হয়নি। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ধূপাটিলা, শ্রীসূর্য, পতনঊষার, জগন্নাথপুর, রূপষপুর, বনবিষ্ণপুর, কেছুলোটি ও সতিঝির গ্রামের একাংশের বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি বিভাগের পতনঊষার ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল দেব বলেন, কেওলার হাওর এলাকার সম্পূর্ণ ফসল বিনষ্ট হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দীন আহমদ বলেন, উপজেলায় ৪৫০-৫০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি পুনর্বাসনের বরাদ্দ পেলে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।