বৃষ্টিতে দেয়াল ধসে ও বজ্রপাতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আজ বৃহস্পতিবার বৃষ্টিতে দেয়াল ধসে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, বেলা ১১টার দিকে ঝড়ের মধ্যে নাজমা আক্তার (৩২) নামের এক নারী ঘরের কাজের জন্য ইট আনতে গলাচিপা সরকারি বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয়ের কাছে যান। এ সময় হঠাৎ স্কুলের দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি শহরের গলাচিপা এলাকার হাজী আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। নাজমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গুলতলি গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার মনকুড়া গ্রামের কয়েকজনের ভাষ্য, কৃষক বালু মিয়া (৫৫) ও তাঁর চাচা আশু মিয়া (৭০) আজ সকালে বাড়ির পাশে ফসলি জমি দেখতে যান। এ সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান বালু মিয়া।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান, বালু লাশ দাফন করা হয়েছে।

অন্যদিকে প্রায় একই সময়ে সরাইলের করাতকান্দি গ্রামে মো. সোলেমান (৬০) বজ্রপাতে মারা যান। পুলিশ জানায়, করাতকান্দি গ্রামের সোলেমান মিয়া সকালে বৃষ্টির মধ্যে চুন্টা ইউনিয়নের হাওর এলাকায় মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন সোলেমান মিয়ার লাশ নিয়ে গেছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।