বৃষ্টিতে ধুয়ে গেছে ছয় কোটি টাকার সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষ হতে না-হতেই ঢাকা-বরিশাল মহাসড়কটি আগের অবস্থায় ফিরে এসেছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ঈদের আগে জরুরি পুনর্বাসনের প্রকল্পের আওতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঠিকাদার ও সওজের (সড়ক ও জনপথ) কর্মকর্তাদের দাবি, বৃষ্টির কারণে এমনটি হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল থেকে গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়কের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩৮ কিলোমিটার সংস্কারে সওজ জরুরি একটি প্রকল্প গ্রহণ করে। এতে পাঁচ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ করা হয়। জরুরিভিত্তিতে কাজটি সম্পন্নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসমাইল হোসেনকে কার্যাদেশ প্রদান করা হয়। গত ২৭ আগস্ট সংস্কারকাজ শুরু এবং ১৪ সেপ্টেম্বর শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান।মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসের চালক, পথচারী ও স্থানীয় ব্যক্তিরা জানান, সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ঠিকাদারকে বাধা দেওয়া হয়। বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গৌরনদীর মনিরুজ্জামান ও উজিরপুরের আ. মজিদ অভিযোগ করেন, বোল্ডার ভাঙা পাথর দিয়ে মহাসড়ক সংস্কারের কথা থাকলেও ঠিকাদারের লোকজন মাটি মাখা সিংগেলস (মরা পাথর) দিয়ে কাজ করেন।দূরপাল্লার বাসের চালক মো. বেল্লাল হোসেন (৪৭), কৃষ্ণ কান্ত (৫০) অভিলাষ মণ্ডল (৩৬) ও গিয়াস উদ্দিন মজুমদার (৪৫) বলেন, রাস্তায় যানবাহন নিয়ে তাঁদের আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংস্কারের নামে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই হয়নি। সংস্কারকাজের প্রত্যক্ষদর্শী গৌরনদীর উত্তর বিজয়পুর গ্রামের মো. জামাল হোসেন, টরকী বন্দরের মো. লিয়াকত হোসেন, উজিরপুর উপজেলার সানুহার গ্রামের মো. জাকির হোসেন অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে সংস্কার শেষ করেছেন। গর্ত ভরাটে কোথাও কোথাও সামান্য পিচ ও কোনো রোলার ছাড়াই হাত দিয়ে ফিনিশিং দেওয়া হয়। কোথাও কোথাও শুধু বালু ফেলে গর্ত ঢেকে দেওয়া হয়, যে কারণে কাজ শেষ হতে না-হতেই পুনরায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।মহাসড়কের গৌরনদী, উজিরপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, সড়কের মধ্যে বড়-ছোট অসংখ্য গর্ত। সংস্কারের তেমন কোনো চিহ্ন অবশিষ্ট পাওয়া যায়নি। গর্তগুলো সংস্কারের আগের অবস্থায় রয়েছে। খানাখন্দের কারণে উজিরপুরের সানুহার ও গৌরনদীর বাটাজোরের দক্ষিণে সড়কের মধ্যে দুটি যানবাহন বিকল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. কামরুজ্জামান অনিয়ম ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করে বলেন, বৃষ্টির কারণে মেরামতের কাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। বরিশাল সওজের উপপ্রকৌশলী শিশির কুমারের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। নির্বাহী প্রকৌশল শাহ মোহাম্মদ সামস মোকাদ্দেস প্রথম আলোকে বলেন, সড়কটিতে জরুরি পুনর্বাসন প্রকল্প হিসেবে গর্ত ভরাটের আংশিক কাজ করা হয়। ুঅনিয়ম-দুর্নীতি ও নিম্নমানের কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যাঁরা ঠিকাদারি কাজটি পান না, তাঁরাই এসব কথা বলে থাকেন। প্রতিনিয়ত বৃষ্টির কারণে গর্ত হয়ে থাকতে পারে, এগুলো ভরাট করা দেওয়া হচ্ছে।