বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। এদিকে মৌসুমি নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, বুধবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
টানা বৃষ্টিতে নগরের হালিশহর, কাপাসগোলা, চকবাজার উদুর গলি, শুলকবহর, বাদুরতলা, ষোলশহর, ২ নম্বর গেট, মোহাম্মদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ, চান্দগাঁও, কাতালগঞ্জ, বাকলিয়াসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
সরেজমিনে দুপুর ১২টার দিকে নগরের চকবাজারের উদুর গলিতে দেখা যায়, হাঁটুসমান পানির মধ্যে এলাকার বাসিন্দারা চলাফেরা করছেন। নালার ময়লা-আবর্জনা ভাসছে পানিতে।
একইভাবে শুলকবহর মুন্সিরপুকুরপাড় এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে হাঁটু পরিমাণ পানি ছিল। স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘সকাল থেকে এখানে পানি উঠেছে। প্রতিবার সামান্য বৃষ্টিতেই আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়।’
আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা খায়রুল আলম বলেন, ‘দুপুর ১২টার দিকে এখানে রাস্তাঘাট ডুবে যায়। প্রায় দেড় ঘণ্টা পানি ছিল এখানে।’
বৃষ্টির কারণে গতকাল নগরে যানবাহন চলাচলও কমে যায়। এতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ভাড়া বাড়িয়ে দেন। এ কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিয়ে দুশ্চিন্তায় আছে প্রশাসন। এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি যদি আরও বেশি হয়, তাহলে আমরা লোকজনকে পাহাড় থেকে সরিয়ে নেব। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
পতেঙ্গা আবহাওয়া দপ্তর বলছে, উপকূলীয় গাঙ্গেয় ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল ছয়টায় খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।