ফটিকছড়ি: বৃষ্টির কারণে প্রায় ৫০০ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে
বৃষ্টিতে নষ্ট আমনের খেত, দুশ্চিন্তায় চাষি
৪ নভেম্বর থেকে টানা চার দিনের বৃষ্টির কারণে ফটিকছড়িতে পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হয়। কৃষকেরা জানান, নিম্নচাপের কারণে বৃষ্টি ও দমকা হাওয়ায় ঝরে গেছে ধান। তার ওপর বৃষ্টির পানি জমে থাকায় বেশ কিছু ধানগাছে পচন ধরেছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। কিন্তু ধান তোলার সময় বিপত্তি হলো। বৃষ্টির কারণে প্রায় ৫০০ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দৌলতপুর, রোসাংগিরী, হারুয়ালছড়ি, আবদুল্লাহপুর, লেলাং, সুয়াবিল, বক্তপুর, ধর্মপুর, ভূজপুর, নারায়ণহাট, নানুপুর ও কাঞ্চনগর ইউনিয়নে আমনখেতের ক্ষতি হয়েছে বেশি। এসব এলাকার জমিতে এখন ধানগাছে পচন ধরেছে। আবার কোথাও কোথাও কাটা ধান মাঠে পড়ে থাকতেও দেখা গেছে।
সুয়াবিল গ্রামের কৃষক আবদুল করিম বলেন, ‘আমন ধান পাকতে শুরু করলেও পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় পিছিয়ে পড়ে ধান কাটার কাজ। অন্যদিকে চাষিরা ধান কাটার প্রস্তুতি নেওয়ার মুহূর্তে নিম্নচাপের ফলে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে জমিগুলো। আমার অন্তত ৪৫ শতক জমির চাষাবাদ নষ্ট হয়েছে।’
রোসাংগিরী গ্রামের কৃষক মোস্তফা চৌধুরী বলেন, বৃষ্টির ফলে ধানের ক্ষতি হওয়ায় এলাকার চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। চাষের খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, এবার রোপা আমন ধান বেশ ভালো হয়েছে। বৃষ্টি না হলে চাষিরা আরও বেশি লাভবান হতেন। তিনি ক্ষতি পোষাতে চাষিদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।