বৃষ্টিতে নষ্ট হচ্ছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের তারাগঞ্জ বাজার এলাকার এক কিলোমিটারে পানি জমে যায়। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি জমে থাকতে থাকতে সড়কটির পিচ ও খোয়া উঠে গেছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছেন।
এলাকাবাসী জানান, ২০ বছর আগে নির্মিত ১১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে। এ সড়কটি দিয়ে দুই উপজেলার মানুষ ও যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীকে তারাগঞ্জ বাজারের কাছাকাছি অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় এই সড়ক দিয়েই। বছর তিনেক আগেই সড়কটির তারাগঞ্জ বাজার এলাকায় এক কিলোমিটার অংশ সংস্কার করা হয়। কিন্তু সড়কের পাশে কোনো নালা করা হয়নি।
তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সম্পাদক জয়নাল আবেদীন বলেন, এলাকায় সড়কের দুই পাশের ব্যবসায়ীরা দোকানের সামনের জায়গা মাটি দিয়ে ভরাট করায় ওই অংশে সড়ক নিচুতে পড়ে গেছে। বৃষ্টি হলেই এক কিলোমিটার দীর্ঘ ওই
অংশে পানি জমে।
সরেজমিনে গত রোববার দেখা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে।
স্থানীয় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, গত বছর ব্যবসায়ীদের দাবির মুখে ওই রাস্তাটুকুর বিভিন্ন স্থানে খোয়া ফেলা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। পানিনিষ্কাশনের জন্য দুই পাশে নালার প্রয়োজন।
রংপুর সওজের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, লোক পাঠিয়ে খোঁজ নিয়ে খুব শিগগিরই সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।