বৃষ্টিতে নোয়াখালী শহর জলমগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বেশির ভাগ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। ছবিটি গতকাল বিকেলে শহরের এম এ রশিদ উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়ক থেকে তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বেশির ভাগ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। ছবিটি গতকাল বিকেলে শহরের এম এ রশিদ উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়ক থেকে তোলা l প্রথম আলো

টানা বর্ষণের কারণে জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী শহরের বেশির ভাগ এলাকা। গতকাল বৃহস্পতিবার শহরের অনেক সড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। পানি উঠেছে অনেক বাড়িঘরে। এতে শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল।

এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো গতকালও জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের সব নৌ রুটে যোগাযোগ বন্ধ ছিল। এতে ভোগান্তির মধ্যে পড়েছে দ্বীপের বাসিন্দারা। জরুরি কাজে অনেকে হাতিয়ায় যেতে পারছে না, তেমনি হাতিয়া থেকেও বের হতে পারছে না স্থানীয় বাসিন্দারা।

জানতে চাইলে গতকাল সকালে নৌযোগাযোগ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় এবং আবহাওয়া দপ্তর থেকে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বুধবার থেকে নৌযোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

মৌসুমি বায়ু ও নিম্নচাপের কারণে গত বুধবার ভোর থেকে নোয়াখালীতে ভারী বর্ষণ হচ্ছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেলা শহরে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও দু-একদিন থাকতে পারে।

গতকাল দুপুরে শহরের লক্ষ্মীনারায়ণপুর, কাজি কলোনি, হরিনারায়ণপুর,মাইজদী কোর্ট-স্টেশন, গুপ্তাংক, রশিদ কলোনি ও দত্তেরহাট এলাকা ঘুরে দেখা যায়, এলাকাগুলোর বেশির ভাগ সড়ক জলমগ্ন হয়ে আছে। পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে কাজে বের হওয়া লোকজনকে। রাস্তায় লোকজনের উপস্থিতিও কম ছিল।

শহরের কাজি কলোনি এলাকার বাসিন্দা আমেনা খাতুন পানি মাড়িয়ে কাজে যাচ্ছিলেন। তিনি বলেন, একটু ভারী বৃষ্টি হলেই তাঁদের এলাকার রাস্তাঘাট ডুবে যায়। ঘর থেকে বের হওয়া দুরূহ হয়ে পড়ে। একই কথা বলেন হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা শহিদ উল্যাহ। তিনি বলেন, কাজি কলোনি, হরিনারায়ণপুর বাজার সড়কসহ আশপাশের এলাকা সারা বর্ষা ধরে জলমগ্ন থাকে। দুদিনের বৃষ্টিতে তাঁদের এলাকার অনেক বাড়ির একতলায় পানি ঢুকেছে।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, এম এ রশিদ উচ্চবিদ্যালয়, হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও প্রভাতি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে জলাবদ্ধতা দেখা গেছে। এম এ রশিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম ছিল। প্রভাতি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রাহিমা আক্তার বলেন, বৃষ্টির পানি বিদ্যালয়ের ভবনে ঢুকে পড়ায় বৃহস্পতিবার সকল শ্রেণি কার্যক্রম বাতিল করতে হয়েছে।

জানতে চাইলে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার বিষয়টি স্বীকার করে নোয়াখালী পৌরসভার মেয়র মো. শহিদ উল্যাহ খান বলেন, জলাবদ্ধতা নোয়াখালী শহরের দীর্ঘদিনের সমস্যা।  পানিনিষ্কাশনের ছোট-বড় খালগুলো বেদখল হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। শহরের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেটির বাস্তবায়ন হলে এ সমস্যা আর থাকবে না।