বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজ ব্যাহত হয়েছে। একইভাবে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতেও লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের কাজ ব্যাহত হয়।
বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, ক্রেনের সাহায্যে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে লাইটার জাহাজে রাখা হয়। বৃষ্টি হলে বড় জাহাজের পণ্য রাখার জায়গায় পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে খাদ্যশস্য, ক্লিংকার, অশোধিত চিনি, সারসহ অনেক পণ্যই স্থানান্তর করা যায় না। গতকাল দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় এ ধরনের পণ্য জাহাজ থেকে স্থানান্তর করা হয়নি।
বন্দরে জাহাজ অবস্থানের তালিকায় দেখা যায়, গতকাল বহির্নোঙরে পণ্যবাহী ৭৫টি বড় জাহাজ অবস্থান করছিল। এসব জাহাজে খাদ্যশস্য, চিনি, পাথর, কয়লা, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও সার আছে। এসব বড় জাহাজ জেটিতে ভেড়ানো যায় না। এ কারণে সাগরে এসব জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করা হয়। এরপর লাইটার জাহাজগুলো দেশের নানা প্রান্তের ৩৬টি ঘাট এলাকায় নিয়ে পণ্য খালাস করা হয়।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে জানান, মঙ্গলবার বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরে ৬০টি লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দিনভর বৃষ্টির কারণে সাগরে বড় জাহাজ থেকে কয়লা ও পাথর ছাড়া খাদ্যশস্যসহ অন্যান্য পণ্য স্থানান্তর করা যাচ্ছে না। একইভাবে কর্ণফুলী নদীর ঘাটগুলোতেও লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে।
বন্দর সূত্র জানায়, গতকাল সকাল আটটা পর্যন্ত বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্যবাহী ১০৬টি জাহাজ অবস্থান করছিল। এসব জাহাজের মধ্যে কাজ হয়েছে ৬২টি জাহাজে। বৃষ্টির কারণে সাগরে পণ্য স্থানান্তর ব্যাহত হলেও জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক রয়েছে।