বৃষ্টিতে পানিবন্দী মানুষ, ফসলের ক্ষতি
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী, চট্টগ্রামের সাতকানিয়া, রাঙামাটির বাঘাইছড়ি ও খাগড়াছড়িতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এসব এলাকায় শত শত হেক্টর জমির বীজতলা, আমনখেতসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
ফেনী: পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে গতকাল বৃহস্পতিবার পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বেড়িবাঁধের আটটি স্থানে ভাঙন দেখা দেয়। গত মাসে ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধের আটটি অংশে ভাঙন দেখা দিয়েছিল। বেড়িবাঁধের ভেঙে যাওয়া ১৬টি অংশ দিয়ে পানি ঢুকে ২০টি গ্রাম প্লাবিত হয়।
গত মাসে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের কারণে ফুলগাজীর ১০টি গ্রাম প্লাবিত হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরের পর পরশুরামের সুবার বাজার এলাকায় মুহুরী ও সিলোনীয়া নদীর বেড়িবাঁধের আটটি অংশে ভাঙন দেখা দেয়। এতে উত্তর মণিপুর, মধ্যম মণিপুর, গদানগর, কালিকাপুর, পূর্ব সাহেবনগরসহ ১০টি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে কিসমত ঘনিয়ামোড়া, ঘনিয়ামোড়া, জয়পুর, পূর্ব ঘনিয়ামোড়া, সাহাপাড়া, বৈরাগপুর, বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুরসহ ১০টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার গ্রামীণ সড়কগুলো তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। এ ছাড়া বীজতলা ও রোপা আমন তলিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ফুলগাজী বাজার দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে। দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক জানান, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গতকাল মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ২৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত থেকে নেমে আসা পানির চাপ কমলে পরিস্থিতির উন্নতি হবে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক ২০টি গ্রাম প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া: উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জুলাই মাসের শেষে সৃষ্ট বন্যায় সাতকানিয়ার ৫২০ হেক্টর জমির আমন বীজতলা ও ৬০০ হেক্টর আমনখেত পচে গিয়েছিল। বন্যার পর কৃষকেরা নতুন করে আমনের চাষ করেন। কিন্তু গত মঙ্গলবার থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার অধিকাংশ এলাকায় বীজতলা ও আমনখেত ডুবে গেছে।
কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার কৃষক মো. নুরুন্নবী জানান, বন্যার পর বেশি দামে পটিয়া উপজেলা থেকে চারা এনে প্রায় এক একর জমিতে আমনের চাষ করেন তিনি। এখন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে আবারও আমনখেত তলিয়ে গেছে।
সাতকানিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দ্বিতীয় দফা বন্যার ধকল কাটিয়ে উপজেলার কৃষকেরা ইতিমধ্যে ৯ হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপণ শেষ করেছেন। গত তিন দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সত্তর শতাংশ আমনখেত ডুবে গেছে। দু-এক দিনের মধ্যে বৃষ্টি বন্ধ না হলে সাতকানিয়ায় কৃষকেরা আর আমন চাষ করতে পারবেন না। ফলে উপজেলায় কৃষি খাতে বড় ধরনের ক্ষতি হবে।
খাগড়াছড়ি: মুষলধারে বৃষ্টিতে গতকাল দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক হাঁটুপানিতে ডুবে যায়। বৃষ্টিতে আদালত সড়কের জেলা প্রশাসক মোড় থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এবং কলেজ রোডের চেঙ্গী স্কয়ার থেকে মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব পর্যন্ত পানি জমে যায়। এ সময় যানবাহন চলাচলে সমস্যা হয়। দুর্ভোগে পড়ে পথচারীসহ আশপাশের এলাকার বাসিন্দারা।
বৃষ্টিতে চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া, শান্তিনগর, বাঙালকাঠি, রাজ্যমুনিপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, দক্ষিণ খবংপড়িয়া, চেঙ্গী সেতু এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দুর্গত লোকজনের জন্য পৌরসভার পক্ষ থেকে আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
দীঘিনালা: প্রবল বর্ষণে পাহাড়ধসে দীঘিনালা-লংগদু সড়কে বেইলী সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভেসে গেছে ফসলি জমি, পুকুরের মাছ। কাঁঠালতলীপাড়ার নাপিতপাড়ার সড়ক, বোয়ালখালী পুরাতন বাজারের সড়ক ডুবে গেছে। কবাখালীছড়ার বিভিন্ন বাড়িতে পানি উঠেছে।
উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, তাঁর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ। ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টি পরিবার আশ্রয় নিয়েছে। হাজাধনমুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোবাহানপুর প্রাথমিক বিদ্যালয় লোকজনের আশ্রয় নেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে।
৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা বলেন, আমনচাষি, মাছের খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম জানান, বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ৫৭০ হেক্টর আমন, ৪৮ হেক্টর আউস ও ১৮ হেক্টর সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল বলেন, জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে।
বাঘাইছড়ি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কমপক্ষে এক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও কৃষি কার্যালয় সূত্র জানায়, গত তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি, সারোয়াতলী, খেদারমারা আমতলী ইউনিয়ন এবং পৌরসভার কমপক্ষে এক হাজার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি প্লাবিত হয়। বটতলী-উগলছড়ি সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পানিবন্দী হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। অর্ধশত পুকুর ও ৬০০ একরের বেশি আমনখেত তলিয়ে গেছে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা গেছে, পূর্ব লাল্যাঘোনা, এফ ব্লক ও মাদ্রাসাপাড়ায় তলিয়ে যাওয়া বাড়ির লোকজন মালামাল নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। পূর্ব লাল্যাঘোনা গ্রামের মো. আলতাফ হোসেন জানান, তাঁদের গ্রামের দেড় শতাধিক বসতঘর প্লাবিত হয়েছে। পানিবন্দী লোকজন খাওয়ার পানি ও খাদ্যসংকটে পড়েছে। বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিভ চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ শতাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আমনখেতের ব্যাপক ক্ষতি হয়েছে।’
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফেনী অফিস, সাতকানিয়া (চট্টগ্রাম); দীঘিনালা (খাগড়াছড়ি); বাঘাইছড়ি (রাঙামাটি) ও খাগড়াছড়ি প্রতিনিধি}