বৃষ্টিতে পাহাড় কাটার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারী বৃষ্টির মধ্যে পাহাড় কাটতে সুবিধা। একখণ্ড মাটি সরিয়ে দিলে ঢলের পানিতে মুহূর্তের মধ্যে পাহাড়ে ধস নামে। এতে শ্রমিক খরচ বেঁচে যায়। বর্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান সম্ভব হয় না বলে শ্রমিকদের বিপদে পড়ার ঝুঁকিও কমে যায়।’এসব কথা বললেন কক্সবাজার শহরের কলাতলী গ্রামের দিনমজুর আহমদ কবির। তাঁর নেতৃত্বে গত সোমবার ১৮ জন শ্রমিক সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী গ্রামের পার্শ্ববর্তী পাহাড় কাটা শুরু করেন। সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে পাহাড় কাটা।আহমদ কবির জানান, চার ঘণ্টায় তাঁরা উঁচু পাহাড়ের মাঝামাঝি অংশে প্রায় এক কানি (৪০ শতাংশ) জমির ঘাস ও গাছপালা পরিষ্কার করেছেন। ভারী বৃষ্টি হলে ঢলের পানিতে কয়েক দিনের মধ্যে ওই জায়গা থেকে বালুমাটি সরে গিয়ে ধস নামবে। তখন ওই জমি সমান হয়ে বিক্রির উপযোগী হবে।কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় কক্সবাজার শহর ও শহরতলির বাইপাস সড়ক, জেলা কারাগার এলাকা, বাসটার্মিনাল, পাহাড়তলী, লারপাড়া, বৈদ্যেরঘোনা, ঘোনারপাড়া, সাহিত্যিকা পল্লিসহ বিভিন্ন এলাকায় পাহাড় কাটার ধুম পড়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, শহর ও শহরতলির ছয়-সাতটি পাহাড়ের প্রায় ৯০০ একর ভূমি অবৈধ দখলে চলে গেছে।নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বৃষ্টির সময় শহরের বিভিন্ন স্থানে পাহাড় কাটার খবর পাই। কিন্তু তাত্ক্ষণিকভাবে অভিযানে নামা কষ্টকর হয়ে দাঁড়ায়। তা ছাড়া এখন রাতের বেলায়ও পাহাড় কাটা হচ্ছে। ওই সময় অভিযানের জন্য চেয়েও ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাওয়া যায় না।’কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বৃষ্টির মধ্যেও পুলিশ মাঝেমধ্যে পাহাড়ে অভিযান চালায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটায় নিয়োজিত শ্রমিকেরা জঙ্গলে আত্মগোপন করেন।পাহাড়ের মাটিতে ড্রেন ভরাট, জলাবদ্ধতা: কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, পাহাড় কাটার মাটি ঢলের পানিতে নেমে এসে শহরের নালা-নর্দমা ভরে গেছে। বৃষ্টির পানি নর্দমা দিয়ে বাঁকখালী নদীতে নেমে যেতে পারছে না। এতে প্রধান সড়কসহ শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।সোমবার সকালে শহরের কালুরদোকান, টেকপাড়া, বাজারঘাটা, ঘোনারপাড়া, বড়বাজার, ফুলবাগ, বৌদ্ধমন্দির এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব জায়গায় রাস্তার ওপর হাঁটুপানি জমেছে। রাস্তার দুপাশে দোকানগুলোতে ঢুকে পড়েছে পানি। পৌরসভা সূত্রে জানা যায়, কয়েক দিনের পাহাড়কাটা মাটিতে শহরের প্রায় ১৫ কিলোমিটার পাকা নর্দমা ভরাট হয়ে গেছে। প্রতিদিন সকালে নর্দমার বালু সরিয়ে নেওয়া হলেও বিকেলে তা আবার ভরাট হয়ে যায়। নর্দমা পরিষ্কার করাতে পৌরসভাকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে।