বৃষ্টিতে পুরান ঢাকা জলমগ্ন

আগের দিন তীব্র গরমের পর গতকাল সকাল থেকে বৃষ্টিতে বদলে যায় পুরান ঢাকার চিত্র। বৃষ্টিতে থমকে যায় ঈদ উদ্যাপনে প্রস্তুতি, জীবনযাত্রা। জলমগ্ন হয়ে পড়ে পুরান ঢাকার বিভিন্ন রাস্তা। চরম দুর্ভোগে পড়েন পুরান ঢাকাবাসী। এলাকাবাসী জানান, বৃষ্টি হলে এটা এখানকার নিয়মিত চিত্র। তাই স্বস্তির বৃষ্টি গরম কমলে অস্বস্তিতে পড়েছে লোকজন।
বৃষ্টি হলেই পানি জমে যায় নাজিমউদ্দিন রোড, চানখাঁরপুল, হাজারীবাগ, গেন্ডারিয়া, বংশালের মালিটোলা, শাঁখারীবাজার, ধোলাইখাল, নবাবপুর, ইসলামপুর, সদরঘাট, কাপ্তান বাজার, চকবাজার, সূত্রাপুর, কলতা বাজার, লাল মোহন সাহা স্ট্রিট ও নারিন্দার বিভিন্ন অলিগলি পথ। এমনকি যে ওয়ারীতে অতীতে পানি জমে থাকতে দেখা যেত না, সেখানে দুপুর পর্যন্ত পানি ছিল। ওয়্যারস্ট্রিট, হেয়ারস্ট্রিট, লারমিনি স্ট্রিটে পানি দুর্ভোগের কারণ হয়েছিল। জনবহুল এলাকাটির পথচারীদের বেশ কষ্ট করেই যাতায়াত করতে দেখা গেছে।
নারিন্দা এলাকার ওষুধ ব্যবসায়ী ওয়াহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হলেই পানি জমে। আমরা খুব সমস্যায় পড়ি। নতুন মেয়রের কাছে আমাদের আবেদন, এলাকার জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

পদ্মনিধি লেনের হেলাল আহমেদ বলেন, ‘কাল রাতে এক পশলা বৃষ্টি হয়েছিল। পরে তা থেমে যায়। তাই বৃষ্টি নিয়ে কারও প্রস্তুতি ছিল না। কিন্তু হঠাৎ করে আজ (বুধবার) অনেক বৃষ্টি হয়েছে। অলিগলিতে পানি জমে যায়। মহিলাদের মার্কেটে যেতে খুব সমস্যা হয়ে গেল।’ নাজিমউদ্দীন রোড ঘুরে দেখা গেছে, রাস্তাজুড়ে জলাবদ্ধতা। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এমনও দেখা গেছে, পানির মধ্য দিয়ে রিকশা নিয়ে চলাচল করতে গিয়ে রিকশাসহ ময়লা পানিতে পড়ে গেছে। কোথাও কোথাও দোকানপাট পানি ঢুকে গেছে। ড্রেন থেকে রাস্তায় উঠে গেছে মলমূত্র ও আবর্জনা। যেখানে সেখানে গর্ত থাকায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল।
এদিকে ধোলাইখাল, রোকনপুর, লালমোহন সাহা স্ট্রিটে একাকার হয়ে গেছে কাদাপানি। পায়ে হেঁটে চলার কোনো অবস্থাই নেই।