বৃষ্টিতে পোস্টার নষ্ট, খরচ বাড়ছে প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের বৃষ্টিতে প্রার্থীদের পোস্টার নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন শরীয়তপুরের ৩৭টি ইউপির চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ইউপি নির্বাচনের পঞ্চম ও ষষ্ঠ ধাপে শরীয়তপুরের ৩৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার ইউপিগুলোতে ২৮ মে ও আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী দেয়ালে বা কোনো স্থাপনায় পোস্টার লাগাতে পারবেন না। তাই প্রার্থীরা পোস্টার টাঙিয়ে দেন। টাঙানো পোস্টারগুলো গত বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে থাকে।
নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউপির চার নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মনির হোসেন সুমন বলেন, ‘চার দিনের বৃষ্টিতে আমার সব পোস্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবার পোস্টার ছাপাতে হচ্ছে। এতে আমার খরচ বৃদ্ধি পাচ্ছে।’
জয়নগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নাসরিন আক্তার বলেন, ‘আমাদের সব পোস্টার রশি দিয়ে গাছের সঙ্গে ঝোলানো হয়েছে। বৃষ্টিতে সব পোস্টার নষ্ট হয়ে গেছে। এখন আবার সব জায়গায় পোস্টার ঝোলাতে হচ্ছে।’