বৃষ্টিতে প্রচারণা বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তীব্র শীত। গতকাল শুক্রবার দুপুর ১২টা। বরগুনা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের কয়েকটি চায়ের দোকানে জড়সড় অবস্থায় বসে বেশ কয়েকজন চা পান করছিলেন আর পৌর নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা করছিলেন। এঁদের কেউ রিকশাচালক, কেউ শ্রমিক। বৃষ্টির কারণে তাঁরা বসে সময় কাটাচ্ছেন।
কামাল হোসেন নামের এক শ্রমিক বলছিলেন, ‘বৃষ্টিতে মোগো কাম-কাইজ বন্ধ অইয়্যা ক্ষতি অইছে ঠিক কিন্তু শহরডা নিরিবিলি আছে। কোনো গ্যাঞ্জাম নাই।’
বৃহস্পতিবার রাত থেকে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার সারা দিনই তা অব্যাহত থাকে। তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বেশির ভাগই ঘরে বসে কাটিয়েছেন। সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান শহরের উকিলপট্টিতে তাঁর কার্যালয় ও টাউন হল সড়কের বাড়িতে এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেন শহরের পুলিশ লাইনস এলাকায় তাঁর বাড়িতে ছিলেন এবং সেখানে তাঁর সমর্থকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান এবং বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামও বৃষ্টির কারণে গতকাল শহরের কোথাও গণসংযোগে যাননি।
কাউন্সিলর প্রার্থীদেরও শহরের কোথাও গণসংযোগ করতে দেখা যায়নি। কেবল ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামানকে বৃষ্টিতে ভিজে গতকাল শহরের বাজার সড়ক, সদর সড়কে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করতে দেখা যায়।
শাহাদাত হোসেন জানান, বৃষ্টির কারণে তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়েছে। বাসায় বসে সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেছেন।