বৃষ্টিতে প্রচারণা বিঘ্নিত
টানা তিন দিনের বৃষ্টিতে চট্টগ্রামের বেশির ভাগ নিচু এলাকা পানিতে ডুবে গেছে। বৃষ্টির পাশাপাশি বেড়েছে জোয়ারের উচ্চতা। ফলে নগরবাসীকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। টানা বৃষ্টির কারণে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা গতকাল সোমবার প্রচারকাজ সংক্ষিপ্ত করে ফেলেন। নগরের বিভিন্ন স্থানে পলিথিন লাগানো কিছু পোস্টার ছাড়া বেশির ভাগই বৃষ্টির পানিতে ধুয়ে-মুছে গেছে। দেশের দুই সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। সঞ্চালনশীল মেঘমালার কারণে এ বৃষ্টিপাত হচ্ছে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটা পর্যন্ত চট্টগ্রামে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগের দিন এর পরিমাণ ছিল ৮৯ মিলিমিটার। একদিকে ভারী বৃষ্টি এবং অন্যদিকে চাক্তাই ও মহেশখাল দিয়ে জোয়ারের পানিতে বাকলিয়া, চাক্তাই, রাজাখালী, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও হালিশহরের অনেক এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। গতকাল জোয়ারের উচ্চতা ছিল ৪ দশমিক ৫৭ মিটার। আজ মঙ্গলবারও চট্টগ্রামে দমকা ও ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। বিরূপ আবহাওয়ার কারণে গতকালও মেয়র এবং কাউন্সিলরদের প্রচারণায় বিঘ্ন ঘটে। প্রচার শেষ হওয়ার মাত্র এক দিন বাকি থাকলেও অনেকে গতকাল বৃষ্টির কারণে প্রচারকাজে যেতে পারেননি। অনেক প্রার্থী গণসংযোগ সংক্ষিপ্ত করে ফিরে যান। চট্টগ্রাম নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী সকালে সর্দার বাহাদুরনগর বিহারি কলোনিতে গণসংযোগ করেন। বৃষ্টির কারণে প্রচারণা সংক্ষিপ্ত করে তিনি ফিরে যান। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম গতকাল সকালে পাঁচলাইশ ও পশ্চিম ষোলশহর এলাকায় গণসংযোগ করেন। এ সময় খোলা ট্রাকে বৃষ্টির পানিতে সবাই ভিজে যান। ফলে প্রচারণা সংক্ষেপ করে তিনি ফিরে যান। গণসংযোগকালে মন্জুর নগরের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন। জানা গেছে, বাকলিয়ার কাউন্সিলর প্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। পশ্চিম বাকলিয়ার নাগরিক কমিটি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ির সামনে সকাল থেকে হাঁটুপানি। তাই ঘরে বসে আছি। বাকলিয়ার মানুষের এক নম্বর সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। আর এ সমস্যাটাই প্রার্থীরা এড়িয়ে যাচ্ছেন।’