বৃষ্টিতে প্রশাসন আশঙ্কায়, ভ্রুক্ষেপ নেই বাসিন্দাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাপসা গরমের পর শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত৷ বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তারা৷ এ জন্য তাঁরা তৎপরতাও শুরু করেছেন৷ কিন্তু যাঁদের নিয়ে এত শঙ্কা ও আতঙ্ক, পাহাড়ের সেই বাসিন্দাদের জোর করেও নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না।
আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ুর আগমনী বার্তা এবং বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার কারণে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও করছেন আবহাওয়াবিদেরা। গতকাল রোববার সকাল ছয়টা থেকে নয় ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭৭ মিলিমিটার। এটি পাহাড়ধসের জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাহাড়ধসের আশঙ্কায় গতকাল বৃষ্টি শুরু হওয়ার পরপরই পহাড়ে ঝুঁকিতে বসবাসকারী পরিবারগুলোকে সরানোর চেষ্টা শুরু হয়৷ নগরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা গিয়ে মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দেন৷ সিটি করপোরেশনও বিভিন্ন স্থানে মাইকিং করেছে। কিন্তু দু-একজনকে সরানো গেলেও বেশির ভাগ মানুষ ঝুঁকি নিয়ে পাহাড়ের খাঁজের ঘরে বসবাস করছেন।
জানতে চাইলে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের বলেন, ‘মরব তবু সরব না—এ রকম প্রবণতা পাহাড়ে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের। হঠাৎ করে এত বৃষ্টি হবে বুঝতে পারিনি। আমরা সকাল থেকে চেষ্টা করছি তাদের সরানোর জন্য। মাইকিংও চলছে। কিন্তু তারা সরে যেতে চায় না৷’
এর আগে গত বৃহস্পতিবার পাহাড় ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে একটি কমিটি গঠন করে৷ ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা তৈরি এবং তাদের সেখান থেকে উচ্ছেদের জন্য এই কমিটি পরদিন শুক্রবার থেকে কাজ শুরু করে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের।
২৫০ পরিবার বেশি ঝুঁকিতে বাস করছে বলে চিহ্নিত করেছে কমিটি। পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়৷ কিন্তু অনেকে সরে যাননি৷
সরেজমিনে দেখা যায়, নগরের টাংকির পাহাড় এলাকায় এখনো ঝুঁকিতে বসবাস করছে মানুষ। গত বছর এই এলাকায় আকবর সাহেবের কলোনিতে পাহাড়ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছিল। এই কলোনিতে এখনো লোকজন বসবাস করছে। বৃষ্টিতেও তারা সরেনি। আলম নামের একজন বলেন, ‘আমাদের এগুলো এখন আর ঝুঁকিপূর্ণ নয়। মতিঝরনা এলাকায় ঝুঁকিতে লোকজন আছে।’
অতীতে নগরে যত পাহাড়ধসের ঘটনা ঘটেছে সেগুলো হয়েছে টানা বর্ষণের পর। সর্বশেষ গত বছরের ২৮ জুলাই নগরের লালখান বাজারের টাংকির পাহাড়ের ঘটনার দিনও বৃষ্টি হয়েছিল। এর আগে ২০১২ সালের ২৬ জুন চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসে ২৮ জন নিহত হয়৷ ওই দিন সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নয় ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এরপর সন্ধ্যার দিকে একের পর এক পাহাড়ধসের ঘটনা ঘটতে থাকে।