বৃষ্টিতে ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা গ্রামের কৃষক নুরুজ্জামান ধারদেনা করে এ বছর প্রায় দুই একর জমিতে তরমুজের চাষ করেছেন। প্রায় প্রতিটি গাছে তরমুজ ফলেছে। আর কদিন পরই তরমুজগুলো বিক্রির উপযোগী হবে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। তাই তরমুজের গাছগুলো মরে যাচ্ছে। এ অবস্থায় কী করে ঋণ শোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নুরুজ্জামান।
চরওয়াপদার এই কৃষকই শুধু নন, সাম্প্রতিক বৃষ্টিতে সুবর্ণচর ও পাশের সদর উপজেলার হাজারো কৃষকের খেতের ফসল নষ্ট হতে চলেছে। বৃষ্টিতে এই দুটি উপজেলার তরমুজসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত রোববার সুবর্ণচরের চরওয়াপদা, চর কাজী মোখলেছ, কেরামতপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তরমুজ, বাদাম, সয়াবিন ও ডাল জাতীয় বিভিন্ন ফসলের খেতে পানি জমে আছে। এতে খেতের গাছ মরে যেতে শুরু করেছে। কোনো কোনো কৃষককে সেচযন্ত্র দিয়ে খেত থেকে পানি সরানোর চেষ্টা করতে দেখা যায়।
সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কৃষক ফয়েজ আহমদ বলেন, সেচযন্ত্র দিয়ে পানি সরিয়েও লাভ হয়নি। তাঁর প্রায় আড়াই একর জমির তরমুজ অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তিনি জানান, পাঁচ একর জমিতে তরমুজের চাষ করেছিলেন। বৃষ্টিতে প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে। বাকিগুলোর অবস্থাও ভালো না।
দুই উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা দুটিতে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে ৬৭২ হেক্টর জমির তরমুজ, ৬৫ হেক্টর জমির মরিচ, ১৪৪ হেক্টর জমির মুগ, ১ হাজার ১০০ হেক্টর জমির সয়াবিন, ৪০ হেক্টর জমির ফেলন, ১৪ হেক্টর জমির মিষ্টি আলু, ১৫৪ হেক্টর জমির বাদাম ও ১ হাজার ৬৫৪ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা আছে।
সুবর্ণচরের অতিরিক্ত দায়িত্বে থাকা সদর উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবহাওয়ার উন্নতি না হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
শঙ্কায় আনোয়ারার কৃষকেরা
এক সপ্তাহ না যেতেই আবার বৃষ্টি আসায় খেতের ফসল নিয়ে শঙ্কায় আছেন চট্টগ্রামের আনোয়ারার সবজিচাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে সবজিখেত পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের।
স্থানীয় কৃষকেরা বলেন, রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় তাঁরা ফসল নিয়ে শঙ্কায় আছেন। এর আগে গত সপ্তাহের ১১ ও ১২ মার্চ টানা দুদিনের বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়ে যায়।
গতকাল সকালে উপজেলার বরুমচড়া ও তৈলারদ্বীপ গ্রামে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে অনেক খেতে পানি জমে আছে। চাষিরা বৃষ্টির পানি সরানোর জন্য খেতের মাঝখানে ছোট ছোট নালা তৈরি করে দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বারখাইন, জুঁইদণ্ডী, বরুমচড়া, বৈরাগ, চাতরী, বারশত ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মরিচ, বেগুন, আলু, তরমুজহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। কিছু সবজি বিক্রিও করেছেন চাষিরা।
বরুমচড়া গ্রামের চাষি আবদুল মাবুদ বলেন, ‘আমি ১২ গন্ডা (২৪ শতক) জমিতে মরিচ চাষ করেছি। মরিচ পাকতেও শুরু করেছে। কিন্তু গত সপ্তাহের বৃষ্টিতে খেতের অধিকাংশ গাছ মরে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে সব শেষ হয়ে যাবে।’
দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার মো. মহিউদ্দিন বলেন, তিনি ৪০ শতক জমিতে মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির চাষ করেছেন। এখন বৃষ্টির যে অবস্থা, তাতে তিনি মনে করছেন তাঁর খরচও উঠবে না।
উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে খেতের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে।