বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলুখেতে জমে থাকা বৃষ্টির পানি সেচনালায় ফেলছেন এক গৃহবধূ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খামার নারায়ণপুর গ্রাম থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো
আলুখেতে জমে থাকা বৃষ্টির পানি সেচনালায় ফেলছেন এক গৃহবধূ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খামার নারায়ণপুর গ্রাম থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো

টানা বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলু, গম, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। গত শুক্রবার রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় গত শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বেলা দুইটা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে পীরগঞ্জ উপজেলার কোষারণীগঞ্জ, খনগাঁও, পীরগঞ্জ, হাজিপুর ও সৈয়দপুর ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের নিচু এলাকার আলু, গম, বোরোর বীজতলা, সরিষাসহ শীতকালীন ফসলের খেতে পানি জমে যায়। পানি না সরাতে পারলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।
পীরগঞ্জের রঘুনাথপুরের আলুচাষি গোলাম মোস্তফা বলেন, ‘এবার বেগুন ও মুলার লোকসান পুষিয়ে নিতে সোয়া লাখ টাকা খরচ করে ডাঙ্গায় ছয় বিঘা জমিতে আলু আবাদ করেছি। শুক্রবারের বৃষ্টিতে আলুখেত ডুবে গেছে। খেতের ভেতরে ঢুকে ছত্রাকনাশক ছিটানো যাচ্ছে না। নাবিধসা রোগ দেখা দিলে এবারও পুঁজিও গায়েব হয়ে যাবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা বৃহস্পতিবার নাগাদ ক্ষয়ক্ষতির সঠিক হিসাব দিতে পারব। এর মধ্যে অন্তত দুই দিনের টানা রোদ পাওয়া গেলে আলুর ক্ষতিটা অনেকটা কম হবে। তবে বিরূপ আবহাওয়া থাকলে ডুবে যাওয়া ফসল বিশেষ করে আলুর ব্যাপক ক্ষতি হতে পারে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, গতকাল দুপুরে জরুরি পরামর্শ সভা আহ্বান করে কৃষি কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার জন্য কৃষকদের কাছে পাঠিয়ে দেন।