বৃষ্টিতে বগুড়া শহরজুড়ে জলাবদ্ধতা
আষাঢ়ের প্রথম দিনে পৌনে তিন ঘণ্টার টানা বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়। পানি নিষ্কাশনব্যবস্থার করুণ হাল এবং রাস্তার দুই পাশের নালার বেহাল অবস্থার কারণে গতকাল সোমবার শহরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
দুপুর ১২টা থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত একটানা বৃষ্টিতে বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথাসহ প্রধান সড়কে অস্বাভাবিক জলাবদ্ধতায় গোটা বগুড়াই দুর্ভোগের শহরে পরিণত হয়। বৃষ্টির পর অটোরিকশা-রিকশার মতো গণপরিবহনসংকটে নগরবাসীকে পোহাতে হয় আরেক দফা ভোগান্তি।
বগুড়া আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৬ মিনিট থেকে বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। গত বছরের ২৩ মে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৯৭ মিলিমিটার।
শহর ঘুরে প্রত্যক্ষদর্শী ১৫ থেকে ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘে ঢাকা আষাঢ়ের প্রথম সকাল থেকে বৃষ্টি দেখা না মিললেও দুপুর ১২টার পর থেকে কালো মেঘের গর্জনের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুপুর গড়াতে না-গড়াতেই টানা বর্ষণে শহরজুড়ে চরম জলাবদ্ধতা তৈরি হয়। রাস্তাঘাটে দু-একটি রিকশা ছাড়া গণপরিবহন হঠাৎ করেই কমতে থাকে। একদিকে রাস্তাঘাটে জলাবদ্ধতা, অন্যদিকে গণপরিবহনসংকটে পথচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। বর্ষণ চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত। শহরের ব্যস্ততম সাতমাথার চারদিকে হাঁটুপানি জলাবদ্ধতা মাড়িয়ে পথচারীদের চলাচল করতে হয়।
সাতমাথা ছাড়াও শহরের শেরপুর সড়ক, স্টেশন সড়ক, পার্ক রোড, টেম্পল সড়ক, মেরিনা সড়ক, কবি নজরুল ইসলাম সড়ক, নওয়াববাড়ি সড়কে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতা তৈরি হয় শহরের বড়গোলা, চাঁদনীবাজার, চকযাদু সড়ক, বাদুরতলা, আলতাফুন্নেছা খেলার মাঠ, সেউজগাড়ি, শহীদ আবদুল জোব্বার সড়কসহ বিভিন্ন সড়কে। ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধতায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
সাতমাথার রিকশাচালক আবদুল জলিল বলেন, ‘একনা ঝরি হচ্চে আর গোটা শহরই তো নদীর মতো মনে হচ্চে। পানি ড্রেন দিয়ে যাচ্চে না। পৌরসভা লাকত তেল দিয়্যা ঘুমাচ্চে।’
এ ব্যাপারে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার নালার কোনো সমস্যা নেই। তবে শহরের রাস্তার দুপাশে যেসব নালা রয়েছে, তা পুরোনো আমলের। এগুলো আধুনিকায়ন ও প্রশস্ত করা দরকার। কিন্তু সেটা করতে গেলে জায়গা দরকার। তা ছাড়া নালা আধুনিকায়নের জন্য তহবিল দরকার। পৌরসভায় সেই তহবিল নেই। নালা প্রশস্তকরণের মাধ্যমে শহরে পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি পৌরসভায় বিবেচনায় রয়েছে।’
এদিকে শেরপুর পৌর শহরে গতকাল আধা ঘণ্টার বৃষ্টিতে সাতটি মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছে পথচারী ও সাতটি মহল্লার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ভোগ তাদের প্রায় ১৫ বছর ধরে চলছে।
গতকাল বেলা সোয়া দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, শহরের বৈকাল বাজার সড়ক, রামচন্দ্রপুরপাড়া সড়ক, সবুজ মেলা স্কুল সড়ক, টাউন কলোনি বাগানবাড়ী সড়ক, নন্দীগ্রাম সড়ক, হাসপাতাল সড়ক ও খন্দকারপাড়া সড়ক পানিতে ডুবে গেছে। আর নালার নোংরা আবর্জনা ভেসে উঠেছে সড়কের ওপরে। টাউন কলোনি বাগানবাড়ী সড়ক, নন্দীগ্রাম সড়ক, হাসপাতাল সড়ক ও খন্দকারপাড়া সড়ক এলাকার ১৫ জন বাসিন্দা বলেন, নর্দমার নোংরা পানি বৃষ্টির পানির সঙ্গে তাঁদের বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। এতে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন তাঁরা।