বৃষ্টিতে বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর বৃষ্টিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হয়েছে।
বন্দর সূত্র জানায়, বহির্নোঙরে গতকাল পণ্যবাহী ৩৬টি জাহাজ ছিল। কিন্তু বৃষ্টির কারণে পণ্য খালাসে সমস্যা হচ্ছিল। এসব জাহাজে গম, চিনি, ডাল, সয়াবিন, লবণ, সার, কয়লা, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম বলেন, বৃষ্টি হলে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসে অসুবিধা হয়।
বড় আকারের জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারে না। এগুলো সাগরে নোঙর করে রেখে লাইটার জাহাজ বা ছোট জাহাজে পণ্য স্থানান্তর করা হয়। এরপর ছোট জাহাজগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন ঘাটে পণ্য খালাস করা হয়।
ছোট জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল কবির প্রথম আলোকে বলেন, দিনভর বৃষ্টি হলে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরে ব্যাঘাত ঘটে।