বৃষ্টিতে বান্দরবানের দুই সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে তিন দিনের অব্যাহত বৃষ্টিতে নিচু এলাকাগুলো ডুবে গিয়ে বান্দরবান-রাঙামাটি সড়ক ও বান্দরবান-রুমা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জি বলেছেন, গতকাল মঙ্গলবার বিকেল থেকে বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ণমন্দিরের পুলপাড়া সেতু ডুবে যাওয়ায় সরাসরি যানবাহন চলাচল করছে না।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেল তস্তুরি বলেছেন, ভারী বৃষ্টিতে এক নম্বর ঘাটের সাঙ্গু সেতুর পূর্ব পাশে কয়েকটি সেতুর মাটি দেবে যাওয়ায় সরাসরি যানবাহন চলাচল করছে না। সেতুগুলোর দেবে যাওয়া অংশ মেরামত না করা পর্যন্ত যানবাহন চলবে না।

বৃষ্টিতে শঙ্খ নদের পানি বেড়ে যাওয়ায় জেলা শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া, আর্মিপাড়া, ইসলামপুর ও কাশেমপাড়ার নিচু এলাকাগুলো ডুবে গেছে। সেখানে বসবাসরত পরিবারগুলোকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে থাকতে দেখা গেছে। সকালে উজানীপাড়ার মংক্য মারমা বলেছেন, রাতে পানি কমে গিয়েছিল। সকাল থেকে আবার পানি বাড়তে শুরু করে।

পরিবহনের শ্রমিক-কর্মচারীরা জানান, বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কের বড়দুয়ারা এলাকায় সামান্য পানি উঠলেও গাড়ি চলাচল করছে।