বৃষ্টিতে বাসের ভেতরেই মেলতে হয় ছাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি হলেই ছাদ চুইয়ে গড়িয়ে পড়া পানি থেকে রক্ষা পেতে বিআরটিসির শীতাতপনিয়ন্ত্রিত বাসের যাত্রীদের ছাতা মেলে ধরতে হয়। ছবিটি সম্প্রতি ফেসবুক থেকে সংগ্রহ করা l প্রথম আলো
বৃষ্টি হলেই ছাদ চুইয়ে গড়িয়ে পড়া পানি থেকে রক্ষা পেতে বিআরটিসির শীতাতপনিয়ন্ত্রিত বাসের যাত্রীদের ছাতা মেলে ধরতে হয়। ছবিটি সম্প্রতি ফেসবুক থেকে সংগ্রহ করা l প্রথম আলো

চলন্ত বাস। যাত্রীদের মাথার ওপর বাহারি সব ছাতা। এমন দৃশ্যের এখন দেখা মিলবে রাজশাহী থেকে পঞ্চগড় সড়কে চলাচল করা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে। ছাদ চুইয়ে বাসের ভেতর গড়িয়ে পড়া বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে যাত্রীদের চলন্ত বাসে ছাতা মেলে ধরতে হয়।

১১ আগস্ট বিকেলে বিআরটিসির রাজশাহী কাউন্টার থেকে রাজশাহী-পঞ্চগড় সড়কপথের একটি এসি বাসে চড়ে ঠাকুরগাঁও ফিরছিলেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আবু তোরাবসহ আরও কয়েকজন।

বাস ছাড়ার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। একটু পরই তিনি লক্ষ করেন, বাসের সিটে বসে থাকা যাত্রীরা একের পর এক ছাতা মেলে ধরছেন। বাসের ছাদ থেকে কয়েক ফোঁটা পানি তাঁর ওপর পড়লে ছাতা মেলে ধরার বিষয়টি তিনি বুঝতে পারেন।

আবু তোরাব বাসে বসেই ফেসবুকে বাসের ভেতর ছাতা মেলে বসে থাকা যাত্রীদের ছবি পোস্ট করে লেখেন, ‘ভিন্ন কিছু ভাববেন না। বিআরটিসির এসি বাস রাজশাহী টু পঞ্চগড়। বাসের ভেতরে অনেকেই ছাতা নিয়ে বসে আছেন।’

আবু তোরাবের পোস্টটি দেখে ফেসবুকে অনেকেই নানা মন্তব্য করেন। রানীশংকৈল কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল লেখেন, ‘হরিপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সড়কের বিআরটিসি বাসে চড়ে কয়েক দিন আগে রংপুর গিয়েছিলাম। পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছাতা না থাকায় ভিজতে হয়।’

আবদুস সামাদ আজাদ নামের আরেক যুবক বলেন, ‘এই অবস্থার কথাটা বছরখানেক আগে আমি ফেসবুকে লিখেছিলাম।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, ‘দুই বছর ধরে ঠাকুরগাঁও-রাজশাহী যাতায়াত করছি। তখন থেকে দেখছি, বাসগুলোর ছাদ চুইয়ে পানি পড়ে। এসির সমস্যা। চাকাগুলো ব্যবহারের অনুপযোগী। চলার পথে প্রায় দিনই নষ্ট হয়।’

বাসের তত্ত্বাবধায়ক আবদুল আওয়াল বলেন, এই এসি বাসটি রংপুর ডিপোর অধীনে চলাচল করে। ডিপো ম্যানেজারসহ অনেকেই সমস্যাটি সম্পর্কে জানেন। কিন্তু কোনো লাভ হচ্ছে না।

এ বিষয়ে বিআরটিসির রংপুর বাস ডিপোর ব্যবস্থাপক মো. মাসুদ আলম বলেন, ‘এই বাসগুলো ২০১৪ সালে ভারত থেকে আমদানি করা। রাস্তায় নামার পর থেকেই ভারী বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। আমরা তা স্টিকার দিয়ে বন্ধ করার চেষ্টা করেছি। লাভ হয়নি।’

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান খোঁজখবর নিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।